সুইডেনের নির্বাচন ২০২৬
পর্ব ৬: নির্বাচন ২০২৬ — দুই ব্লক, দুই ইশতেহার
সিরিজ: সুইডিশ রাজনীতি
ভোট রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬। আগাম ভোট শুরু ২৬ আগস্ট। এই পর্বে দলগুলো আসলে কী প্রতিশ্রুতি দিচ্ছে, এবং ভোটের রাতে কী হতে পারে।
এবারের নির্বাচনটি আগেরগুলোর চেয়ে আলাদা কেন
একটি বাক্যে: ডানপক্ষ এবার নিজেদের গুছিয়ে নিয়েছে, বামপক্ষ নেয়নি।
গত চার বছরে ডান দিকে দুটি বড় ঘটনা ঘটেছে:
১৩ মার্চ ২০২৬ — Liberalerna তাদের দীর্ঘদিনের “লাল রেখা” তুলে নেয় এবং মেনে নেয় যে SD সরকারে থাকতে পারে। সিমোনা মুহামসন ও ইয়িমি ওকেশন যৌথ সংবাদ সম্মেলনে “Sverigelöftet” (সুইডেন প্রতিশ্রুতি) ঘোষণা করেন — ১৫ দফার একটি সমঝোতা। L যা পেয়েছে: স্কুল রাষ্ট্রায়ত্তকরণের অঙ্গীকার, বেসরকারি স্কুল থেকে মুনাফা তুলে দেওয়ার প্রতিশ্রুতি, এবং ২০৩০ সালের নির্বাচনের দিনে ইউরো নিয়ে গণভোট। দলের ভেতরে এর প্রতিবাদে বেশ কয়েকজন পরিচিত মুখ পদত্যাগ করেন।
১ এপ্রিল ২০২৬ — ক্রিস্টেশন ও ওকেশন ঘোষণা করেন, সংখ্যাগরিষ্ঠতা পেলে চারটি দল একসঙ্গে সরকার গঠন করবে, ক্রিস্টেশন প্রধানমন্ত্রী, এবং SD পাবে অভিবাসন ও সংহতকরণে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। ওকেশন প্রধানমন্ত্রিত্বের নিজের দাবি প্রত্যাহার করেন।
অর্থাৎ ডানপক্ষ ভোটারদের সামনে হাজির হচ্ছে নাম-জানা প্রধানমন্ত্রী, নাম-জানা জোট নিয়ে। বামপক্ষে এর কোনো সমতুল্য নেই।
ডান পক্ষ (Tidöpartierna) কী বলছে
Moderaterna — পারিবারিক অর্থনীতি ও অপরাধ। প্রধান প্রতিশ্রুতি: কর্মজীবী পরিবারের জন্য মাসে আরও ৫,০০০ ক্রোনা; ISK সঞ্চয়ে করমুক্ত সীমা ৫ লাখ ক্রোনা; স্বাস্থ্যসেবার নিশ্চয়তা ৯০ দিন থেকে ৩০ দিনে নামানো এবং ব্যর্থ রিজিয়নের ওপর ক্ষতিপূরণের দায়; মাসিক ট্রান্সপোর্ট কার্ডকে করমুক্ত সুবিধা করা; পেনশনের ওপর কর হ্রাস; একাধিক অপরাধে “mängdrabatt” (শাস্তির ছাড়) বাতিল; ২০২৯-এর মধ্যে ১০,০০০ পুলিশ ক্যামেরা; ঘরোয়া সহিংসতায় দণ্ডিত হলে নাগরিকত্ব নয়।
Sverigedemokraterna — জুলাইয়ে প্রকাশিত ইশতেহার Hemma i Sverige, তিনটি শব্দে সাজানো: নিরাপদ, স্বাধীন, সুইডিশ। প্রধান বিষয়: গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত; শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধে যাবজ্জীবন; সব বয়সের জন্য দন্তচিকিৎসায় উচ্চব্যয় সুরক্ষা; স্থানীয় হাসপাতাল বন্ধ না করা; বয়স্কসেবায় সুইডিশ ভাষার বাধ্যবাধকতা; সরকারি অর্থে মাতৃভাষা শিক্ষা বাতিল; আশ্রয় আইন EU-র ন্যূনতম স্তরে; নাগরিকত্বের কঠোর শর্ত ও অপরাধে তা প্রত্যাহারের সুযোগ; বিদ্যুৎ কর ক্রমে সম্পূর্ণ বিলোপ; খাদ্যে কমানো VAT স্থায়ী করা; ইউরো নয়; নগদ টাকা রক্ষা।
Kristdemokraterna — এবারের সবচেয়ে সফল প্রচারণা; জরিপে ছয় বছরের সর্বোচ্চ (৭.৫%)। এবা বুশের প্রধান প্রতিশ্রুতি: ২১টি রিজিয়ন বিলুপ্ত করে স্বাস্থ্যসেবা রাষ্ট্রের হাতে। এছাড়া বয়স্কদের খাবারের জন্য এক বিলিয়ন ক্রোনা; প্রতিটি প্রসূতির জন্য নির্দিষ্ট মিডওয়াইফ দল; সন্তান জন্ম দিলে পেনশন অ্যাকাউন্টে ৩৬,৯০০ ক্রোনা (“মাতৃবোনাস”); সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা; বোরকা নিষিদ্ধকরণ।
Liberalerna — ইশতেহার För din frihet। প্রতি সন্তানের জন্য বছরে ১০,০০০ ক্রোনা কর ছাড়; RUT ছাড়ের সম্প্রসারণ; স্কুলে জ্ঞান ও শৃঙ্খলা; স্থানীয় পুলিশ; সম্মানরক্ষার নামে নিপীড়ন ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ; প্রসূতিসেবা ও মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ। সমস্যা একটাই — জরিপে দলটি ২.৪%।
বিরোধী পক্ষ কী বলছে
Socialdemokraterna — ফেব্রুয়ারিতে প্রকাশিত Plan för Sverige, স্লোগান “সুইডেনকে গুরুত্বসহকারে নেওয়ার সময়”। তিনটি স্তম্ভ:
- অর্থনীতি: বেশি মানুষের হাতে বেশি টাকা, নতুন প্রবৃদ্ধি পরিকল্পনা, এবং karensavdrag বিলোপ (অসুস্থতার প্রথম দিনের বেতন কাটা)। যুক্তি: যাঁরা বাড়ি থেকে কাজ করতে পারেন না, এই নিয়ম তাঁদের ওপর অন্যায্য।
- কল্যাণ: স্বাস্থ্যসেবায় অপেক্ষা কমানো, ছোট শ্রেণিকক্ষ, স্কুল ও প্রি-স্কুলে মুনাফা নিষিদ্ধ, বয়স্কসেবায় বেশি কর্মী ও ভাষার শর্ত।
- নিরাপত্তা: গ্যাং নেতাদের জেলে পাঠাতে “মাফিয়া আইন”, “utsatta områden” (দুর্বল এলাকা) নির্মূল, কঠোর অভিবাসন নীতি অপরিবর্তিত থাকবে, টোটাল ডিফেন্স সম্প্রসারণ।
১৪ আগস্ট দলটি আরও একটি বড় প্রতিশ্রুতি যোগ করেছে: মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে কল্যাণখাতে রাষ্ট্রীয় বরাদ্দ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে — একে তারা ৩০ বছরের মধ্যে কল্যাণ অর্থায়নে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন বলছে।
Vänsterpartiet — এপ্রিলের কংগ্রেসে গৃহীত প্ল্যাটফর্মের কেন্দ্রীয় বিষয়টি নীতিগত নয়, পদ্ধতিগত: দল যে সরকারে নেই, সেই সরকারকে V সমর্থনও দেবে না, ক্ষমতায় আসতেও দেবে না — এমনকি লাল-সবুজ সরকার হলেও। নীতিতে: খাদ্য ও বিদ্যুতের দাম কমানো, বিলিয়নেয়ার কর, স্বাস্থ্যসেবায় বাজারায়ন বন্ধ, বেতন অক্ষুণ্ন রেখে কর্মঘণ্টা হ্রাস।
Miljöpartiet — ১০ আগস্ট প্রকাশিত ইশতেহারের মূল সুর “ন্যায্য রূপান্তর”: জলবায়ু, প্রকৃতি, সমতা। ১২ আগস্টের গ্রীষ্মকালীন ভাষণে ঘোষিত “folkel” প্যাকেজ: নবায়নযোগ্য বিদ্যুতে কর হ্রাস, প্রতিটি পার্কিং স্পটে চার্জিং পয়েন্ট, ফ্ল্যাটবাসীদের জন্য সৌর প্যানেল সহজ করা, মাসে ৫০০ ক্রোনার কমে সারা দেশে চলার “Sverigekort”, শিশুভাতা বৃদ্ধি, চার দিনের কর্মসপ্তাহের দিকে পদক্ষেপ।
Centerpartiet — ইশতেহার Sverige kan mer, ৩২৮টি প্রস্তাব, সাতটি ক্ষেত্রে। ৯ জুন দলটি ঘোষণা করে যে মাগদালেনা আন্দেশনই তাদের সবচেয়ে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী — কারণ, থান্দ রিংকভিস্টের ভাষায়, SD-কে ভারী মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দিয়ে ক্রিস্টেশন নিজেকে অযোগ্য করেছেন। তবে সমর্থন শর্তসাপেক্ষ, এবং শর্তের তালিকা বাড়ছেই — এখন পর্যন্ত ছয়টি, সর্বশেষ ২৯০টি কমিউনেই পুলিশ উপস্থিতির নিশ্চয়তা।
যে গিঁটটা কেউ খুলতে পারছে না
বিরোধী পক্ষের সমস্যাটা তিন লাইনে বোঝা যায়:
- V বলছে: আমাকে সরকারে না রাখলে আমি সমর্থন দেব না।
- C বলছে: V যে সরকারে আছে, সেই সরকারকে আমি সমর্থন দেব না।
- S বলছে: এখন এ নিয়ে কিছু বলব না।
এর ওপর গত সপ্তাহে C বলেছে, karensavdrag বিলোপ যদি কোম্পানির খরচ বাড়ায়, তাহলে তারা বিরোধী দলেই থাকবে — অথচ সেটি S-এর অন্যতম প্রধান প্রতিশ্রুতি। MP-ও মন্ত্রিত্ব চায়।
জরিপ: ব্যবধান কমছে, কিন্তু…
Demoskop-এর ১২ আগস্টের জরিপে (২৯ জুলাই-১০ আগস্ট, ২,০১৬ জন):
| শতাংশ | |
|---|---|
| বিরোধী পক্ষ (S+V+MP+C) | ৫০.৬% |
| Tidöpartierna (M+KD+SD+L) | ৪৬.৯% |
ব্যবধান ৩.৭ পয়েন্ট — ২০২৩ সালের শরতের পর সবচেয়ে কম। মে মাসে Verian-এর জরিপে ব্যবধান ছিল ১০.৭ পয়েন্ট। দলভিত্তিক: S ৩০.২%, SD ২০.২%, M ১৬.৮%, KD ৭.৫%, L ২.৪%।
এবং ওই শেষ সংখ্যাটাই আসল খবর।
২.৪% মানে Liberalerna সংসদ থেকে বেরিয়ে যাবে — এবং তাদের প্রায় ১৬টি আসন বাতাসে মিলিয়ে যাবে। জরিপ-সমন্বয়ের হিসাব বলছে, তেমন হলে বিরোধী পক্ষ পাবে প্রায় ১৯৪ আসন, Tidöpartierna ১৫৫।
অর্থাৎ ডানপক্ষ জনপ্রিয় ভোটে ভালো করেও সংসদে হেরে যেতে পারে — সবটাই নির্ভর করছে একটি দল ৪% পার করে কি না তার ওপর। C, MP এবং KD-ও ঐতিহাসিকভাবে এই বাধার কাছাকাছি ঘোরে।
ভোটাররা কী নিয়ে ভাবছেন
জরিপে ভোটারদের অগ্রাধিকার মোটামুটি স্থির:
- স্বাস্থ্যসেবা — সবচেয়ে উপরে, প্রায় ৫৮-৬৫% মানুষ একে গুরুত্বপূর্ণ বলছেন
- আইন-শৃঙ্খলা
- স্কুল
- প্রতিরক্ষা — এবার সবচেয়ে দ্রুত উঠে আসা ইস্যু
- অর্থনীতি, অভিবাসন
মজার ব্যাপার: স্বাস্থ্যসেবা ও স্কুল ঐতিহ্যগতভাবে বামপক্ষের শক্তির জায়গা, অপরাধ ও অভিবাসন ডানপক্ষের। তাই দুই পক্ষই এবার প্রতিপক্ষের মাঠে খেলছে — সে কারণেই M ৩০ দিনের স্বাস্থ্য নিশ্চয়তার কথা বলছে, আর S “মাফিয়া আইন”-এর কথা বলছে।
পরের পর্বে
পর্ব ৭: ব্যবহারিক নির্দেশিকা — röstkort, তিনটি ব্যালট, ব্যক্তিগত ভোট (personröst), আগাম ভোট, এবং প্রথমবার ভোট দিতে গিয়ে কী কী জানা দরকার।
পর্ব ১: সুইডেনের রাজনৈতিক ব্যবস্থা — একদম গোড়া থেকে
পর্ব ৩: সংসদের আটটি দল — কে কোথা থেকে এল, কার শিকড় কোথায়, এবং কে কী চায়।
পর্ব ৪: ব্লক ব্যবস্থা — কীভাবে তৈরি হলো, কীভাবে ভেঙে পড়ল, এবং কীভাবে নতুন করে গড়ে উঠল।
পর্ব ৫: ২০২২-২০২৬ — বর্তমান সরকার আসলে কী করল? দুই পক্ষের দাবি কী, এবং স্বাধীন বিশ্লেষণ কী বলে?
পর্ব ৮: ইসলাম ও মুসলিমরা — কোন দলের নীতি আপনাকে কীভাবে স্পর্শ করে
Leave a comment