সুইডেন A টু Z: পড়াশোনা, গবেষণা, কাজ, স্থায়ী বসবাস, নাগরিকত্ব
সুইডেন: পড়াশোনা থেকে নাগরিকত্ব
A থেকে Z — সম্পূর্ণ গাইড | Migrationsverket-এ তথ্য যাচাই করা | সর্বশেষ হালনাগাদ ৭ আগস্ট ২০২৬
✈️ সেই দেশটার গল্প
একবার আমার এক পরিচিত বললেন, "ভাই, সুইডেনে পড়তে যাওয়া ও থিতু হওয়া আর চাঁদে বাড়ি বানানো — দুটো একই রকম।"
আমি হাসলাম। বললাম, "চাঁদে বাড়ি বানানো একটু কঠিন। কিন্তু সুইডেনে পড়তে যাওয়া? সেটা শুধু জানার ও চেষ্টার ব্যাপার।"
তবে ২০২৬ সালে এসে কথাটা একটু বদলাতে হবে — জানা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। কারণ নিয়ম বদলেছে, আর যারা পুরনো নিয়ম মাথায় নিয়ে পা বাড়াচ্ছে তারা ধাক্কা খাচ্ছে।
উত্তর ইউরোপের ছোট্ট কিন্তু দারুণ দেশ সুইডেন। লম্বা শীত, ঘন বন, নীল হ্রদ আর অদ্ভুত সুন্দর একটা কর্ম ও জীবনের ভারসাম্য। প্রতি বছর হাজার হাজার বিদেশী শিক্ষার্থী এখানে পড়তে আসে, আর এই পড়াশোনার পথ ধরেই অনেকে পা রাখেন স্থায়ী বাসিন্দা হওয়ার পথে — এমনকি একদিন সুইডিশ নাগরিকত্বের।
এই লেখায় আমি ধাপে ধাপে দেখাব: ভর্তি → স্টুডেন্ট পারমিট → চাকরি খোঁজার পারমিট → ওয়ার্ক পারমিট → স্থায়ী বসবাস (PR) → নাগরিকত্ব। সঙ্গে থাকবে পিএইচডি ও গবেষকদের আলাদা, তুলনামূলক সহজ পথটাও।
বিঃ দ্রঃ সুইডেনে এখন বাংলাদেশীদের আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন থেকে আগের মত আশানুরূপ ফলাফল আসে না, আর ২০২৬ সালের নতুন আইনে অ্যাসাইলামভিত্তিক পারমিট থেকে স্থায়ী বসবাসের পথও বন্ধ হয়ে গেছে। তাই এই লেখায় সেই পথ নিয়ে বিস্তারিত লিখিনি।
📅 ২০২৬ সালে যা যা বদলাল
বিস্তারিত পড়ার আগে পুরো ছবিটা এক জায়গায় দেখে নিন। এই চারটি তারিখ মনে রাখলে বাকিটা সহজ হবে।
SCB মিডিয়ান বেতন: SEK ৩৮,৩০০/মাস (১৬ জুন ২০২৬ থেকে)
ওয়ার্ক পারমিট (নতুন আবেদন, ৯০%): SEK ৩৪,৪৭০/মাস
ছাড়প্রাপ্ত পেশা (৭৫%): SEK ২৮,৭২৫/মাস
নবায়নের ক্রান্তিকালীন নিয়ম (৮০%): SEK ৩০,৬৪০/মাস
স্টুডেন্ট পারমিটের আর্থিক শর্ত: SEK ১০,৬৫৬/মাস
EU ব্লু কার্ড: SEK ৫৩,৬২৫/মাস (১৫ জুলাই ২০২৬ থেকে)
নাগরিকত্বের আয়ের শর্ত: বছরে SEK ২,৫০,২০০ (মাসে প্রায় SEK ২০,৮৫০)
🪶 পড়াশোনার পথ — A থেকে Z
সুইডেনে পড়তে যেতে হলে প্রথম কাজ ভর্তি হওয়া, তারপর রেসিডেন্স পারমিট, তারপর জীবন গোছানো। শুনতে সহজ লাগছে? ধাপগুলো ঠিকঠাক জানলে সহজই। কিন্তু ২০২৬ সালের নতুন নিয়মে না-জেনে পা বাড়ালে পথ অনেক কঠিন।
ধাপ ১ — ভর্তি হওয়া
সুইডেনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হয় universityadmissions.se পোর্টালের মাধ্যমে। স্নাতক ও স্নাতকোত্তর — দুই পর্যায়েই ইংরেজিতে প্রোগ্রাম আছে। EU/EEA নাগরিকদের জন্য পড়াশোনা বিনামূল্যে, কিন্তু বাংলাদেশসহ অন্য দেশের নাগরিকদের টিউশন ফি দিতে হয়। স্নাতকোত্তর পর্যায়ে Swedish Institute (SI) Scholarship-এ সম্পূর্ণ ফান্ডেড সুযোগ আছে — টিউশন, জীবনযাত্রা ও ভ্রমণ খরচসহ। প্রতিযোগিতা তীব্র, কিন্তু প্রতি বছর বাংলাদেশ থেকে কেউ না কেউ পান।
ভাষা: IELTS সাধারণত ৬.০–৬.৫ বা TOEFL iBT ৯০+ (প্রোগ্রামভেদে আলাদা — নিজের প্রোগ্রামের পাতা দেখুন)
ভর্তির আবেদন ফি: universityadmissions.se-এ SEK ৯০০ (এক আবেদনে সর্বোচ্চ ৪টি প্রোগ্রাম বাছাই করা যায়)
পূর্ণকালীন হতে হবে: Migrationsverket সেমিস্টারে ৩০ ক্রেডিটকে পূর্ণকালীন ধরে। দূরশিক্ষণ বা অনলাইন প্রোগ্রামে রেসিডেন্স পারমিট পাওয়া যায় না।
টিউশন ফি আগে দিতে হবে: ফি পরিশোধ না করা পর্যন্ত আপনাকে "চূড়ান্তভাবে ভর্তি" ধরা হবে না, আর রেসিডেন্স পারমিটও পাবেন না। বিশ্ববিদ্যালয় নিজেই Migrationsverket-কে ফি পরিশোধের খবর জানিয়ে দেয়।
ধাপ ২ — স্টুডেন্ট রেসিডেন্স পারমিট
একটা ছেলে একবার আমাকে জিজ্ঞেস করেছিল, "ভাই, সুইডেনে কি ভিসা লাগে?" আমি বললাম, "ভিসা না, রেসিডেন্স পারমিট।" সে বলল, "একই জিনিস না?" আমি বললাম, "না, ভাই। ভিসা হলো দরজা খোলার চাবি। রেসিডেন্স পারমিট হলো বাড়িতে থাকার অনুমতি।"
EU/EEA নাগরিকদের রেসিডেন্স পারমিট লাগে না। বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকদের তিন মাসের বেশি থাকতে হলে অবশ্যই লাগবে, আর সুইডেনে রওনা দেওয়ার আগেই পারমিট হাতে পেতে হবে। আবেদন হয় Migrationsverket-এর ই-সার্ভিসে।
| বিষয় | বিস্তারিত (Migrationsverket, ২০২৬) | |
|---|---|---|
| আবেদনের স্থান | Migrationsverket.se — অনলাইন ই-সার্ভিস | |
| কখন আবেদন করবেন | অফার লেটার পেয়ে টিউশন ফি দেওয়ার সঙ্গে সঙ্গেই। সেমিস্টার শুরুর অন্তত ৩–৪ মাস আগে | |
| আর্থিক প্রমাণ (২০২৬) | SEK ১০,৬৫৬/মাস — পারমিটের পুরো মেয়াদের জন্য (২০২৫ সালে ছিল SEK ১০,৫৮৪) |
|
| বিনামূল্যে থাকা-খাওয়া থাকলে | বিনামূল্যে খাবারে SEK ২,৯৬০ ও বিনামূল্যে বাসস্থানে SEK ৪,৭৩৬ পর্যন্ত ছাড় | |
| পরিবার সঙ্গে এলে | স্বামী/স্ত্রীর জন্য অতিরিক্ত SEK ৪,৪৪০/মাস, প্রতি সন্তানের জন্য SEK ২,৬৬৪/মাস | ⚠️সুইডেনের পরিবার একত্রীকরণ (family reunification) আইনে পরিবর্তন আসছে — সুইডিশ পার্লামেন্ট (Riksdag) অনুমোদিত নতুন নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। এখন অস্থায়ী রেসিডেন্স পারমিটধারীর স্বামী/স্ত্রী বা পরিবারের সদস্যের জন্য আবেদন করতে হলে, সাধারণ নিয়ম অনুযায়ী স্পনসরকে অন্তত ২ বছর সুইডেনে বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে বসবাস করতে হবে। এছাড়া ভরণপোষণের (maintenance/försörjningskrav) শর্ত আরও কঠোর ও বিস্তৃত হচ্ছে, এবং এটি এখন পারমিট নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। |
| স্বাস্থ্য বিমা | পড়াশোনা এক বছরের কম হলে ব্যাপক স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক। এক বছর বা তার বেশি হলে সুইডেনের জনসংখ্যা নিবন্ধনে (folkbokföring) নাম লেখাবেন | |
| আবেদন ফি | প্রাপ্তবয়স্ক SEK ১,৫০০ | ১৮ বছরের কম SEK ৭৫০ SI, Sida বা EU স্কলারশিপপ্রাপ্তদের ফি লাগে না |
|
| পারমিটের মেয়াদ | সর্বোচ্চ ১ বা ২ বছর (বিশ্ববিদ্যালয়ভেদে) — বেশিরভাগ বড় বিশ্ববিদ্যালয়ে ২ বছর | |
| প্রক্রিয়ার সময় | সাম্প্রতিক সিদ্ধান্তের ৭৫% হয়েছে ২ মাসের মধ্যে |
ধাপ ৩ — পড়াশোনার সময় কাজ বড় পরিবর্তন
এটাই সবচেয়ে বড় ধাক্কা। আগে সুইডেনে শিক্ষার্থীদের কাজের ঘণ্টার কোনো সীমা ছিল না — এটা সুইডেনকে অন্য দেশের চেয়ে আলাদা করত। ১১ জুন ২০২৬ থেকে সেই সুবিধা শেষ।
সাধারণ সীমা: স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা।
গ্রীষ্মে সীমা নেই: জুন, জুলাই ও আগস্ট — এই তিন মাসে যত খুশি কাজ করতে পারবেন।
যেসব কাজ সীমার বাইরে: পড়াশোনার অংশ (যেমন ইন্টার্নশিপ), ছাত্র প্রতিনিধিত্ব, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ, গবেষণা বা শৈল্পিক গবেষণা। তবে কাজটি আপনার নিজের বিশ্ববিদ্যালয়ে বা আপনার প্রোগ্রামের সঙ্গে সম্পর্কিত হতে হবে।
ডিগ্রি হাতে পেলে: অন্তত দুই সেমিস্টারের প্রোগ্রাম শেষ করে সনদ পেয়ে গেলে, বর্তমান পারমিটের বাকি সময়টায় সীমাহীন কাজ করতে পারবেন — যদি নতুন করে স্নাতক/স্নাতকোত্তর স্তরের স্টুডেন্ট পারমিটের আবেদন না করেন।
পিএইচডি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ১৫ ঘণ্টার সীমা প্রযোজ্য নয়।
পুরনো পারমিটধারীদের জন্য ছাড়: ১১ জুন ২০২৬-এর আগে যাঁরা পারমিট পেয়েছেন, তাঁদের বর্তমান পারমিটের মেয়াদ পর্যন্ত এই ১৫ ঘণ্টার সীমা প্রযোজ্য নয়। কিন্তু নবায়নের আবেদন করলেই নতুন নিয়ম চেপে বসবে। তাই এখন যাঁরা বেশি ঘণ্টা কাজ করছেন, নবায়নের আগেই কাজের রুটিন গুছিয়ে নিন।
ধাপ ৪ — ক্রেডিটের নতুন শর্ত কঠোর
পারমিট নবায়ন করতে হলে "গ্রহণযোগ্য অগ্রগতি" দেখাতে হয়। ১১ জুন ২০২৬ থেকে এই শর্ত অনেকটাই কঠিন হয়েছে।
| শিক্ষাবর্ষ | নতুন নিয়ম (১১ জুন ২০২৬ থেকে) | পুরনো নিয়ম |
|---|---|---|
| প্রথম বর্ষ | ৩৭.৫ ক্রেডিট | ১৫ ক্রেডিট |
| দ্বিতীয় বর্ষ | ৪৫ ক্রেডিট | ২২.৫ ক্রেডিট |
| তৃতীয় ও পরবর্তী বর্ষ | ৪৫ ক্রেডিট | ৩০ ক্রেডিট |
অর্থাৎ প্রথম বর্ষে পূর্ণকালীন পড়াশোনার (৬০ ক্রেডিট) অন্তত ৬২.৫%, আর তার পর থেকে ৭৫% পাস করতে হবে। যাঁদের পারমিট ১১ জুনের আগে ইস্যু হয়েছে, তাঁদের পুরনো নিয়মেই বিচার হবে — যতক্ষণ না তাঁরা নতুন পারমিট নবায়ন করছেন। পড়াশোনায় সমস্যা হলে দেরি না করে বিশ্ববিদ্যালয়ের study counsellor-এর সঙ্গে কথা বলুন।
ধাপ ৫ — ঠিকানা জানানোর নতুন বাধ্যবাধকতা নতুন
১১ জুন ২০২৬ থেকে নতুন শিক্ষার্থীদের সুইডেনে ঠিকানা পাওয়ার বা বদলানোর ৩০ দিনের মধ্যে Migrationsverket-কে জানাতে হবে। তবে আপনি যদি ইতিমধ্যেই সুইডেনের জনসংখ্যা নিবন্ধনে (folkbokförd) থাকেন, তাহলে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।
ধাপ ৬ — সুইডেনের ভেতর থেকে পারমিট বদলানো কঠিন হয়েছে
আগে স্টুডেন্ট পারমিট থেকে সরাসরি ওয়ার্ক পারমিটে যাওয়া তুলনামূলক সহজ ছিল। ১১ জুন ২০২৬ থেকে সাধারণ নিয়ম হলো — সুইডেনের ভেতর থেকে অন্য ধরনের পারমিটের (যেমন ওয়ার্ক পারমিট) আবেদন করতে হলে আপনাকে অন্তত দুই সেমিস্টারের সমতুল্য উচ্চশিক্ষা শেষ করতে হবে। Migrationsverket এই ধরনের আবেদন এখন আরও কড়া নজরে দেখছে।
আর যদি আপনি একটা প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যান — যেমন Bachelor থেকে Master — তাহলে নতুন করে রেসিডেন্স পারমিটের আবেদন করতে হবে।
ধাপ ৭ — পড়াশোনা শেষে চাকরি খোঁজার পারমিট
পড়াশোনা শেষ হলেই দেশে ফিরতে হবে না। সুইডেন আপনাকে চাকরি বা ব্যবসার সম্ভাবনা খোঁজার জন্য সময় দেয়।
যোগ্যতা: সুইডেনে অন্তত দুই সেমিস্টারের সমতুল্য একটি উচ্চশিক্ষা প্রোগ্রাম শেষ করতে হবে এবং প্রোগ্রামের সব কোর্সে পাস করতে হবে।
মেয়াদ: স্নাতক/স্নাতকোত্তরের পর সর্বোচ্চ ১২ মাস। পিএইচডি বা গবেষণা শেষ করলে ১২ থেকে ১৮ মাস (১১ জুন ২০২৬ থেকে বাড়ানো হয়েছে)।
আর্থিক শর্ত: পারমিটের পুরো মেয়াদের জন্য মাসে SEK ১০,৬৫৬ (২০২৬)। এক বছরের কম থাকলে ব্যাপক স্বাস্থ্য বিমাও লাগবে।
সময়মতো আবেদন: বর্তমান স্টুডেন্ট পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করতে হবে। একদিন দেরি হলেও সুইডেনের ভেতর থেকে আবেদনের সুযোগ হারাবেন।
বড় সুবিধা: এই পারমিটে থাকা অবস্থায় চাকরি পেলে সুইডেনের ভেতর থেকেই ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন — এবং বেতনের ছাড়ও পাবেন (নিচে পর্ব দুই দেখুন)।
৬০ ক্রেডিটের দ্বিতীয়-চক্রের ডিগ্রির শর্তটি একটি আলাদা পারমিটের — যেটি দিয়ে বিদেশ থেকে সুইডেনে এসে চাকরি খোঁজা যায়। দুটোকে গুলিয়ে ফেলবেন না।
💼 ওয়ার্ক পারমিট
একজন মানুষ একবার সুইডেনে এসেছিল পড়তে। পড়া শেষে চাকরি পেয়ে গেল। চাকরি করতে করতে স্থায়ী বাসিন্দা হয়ে গেল। আর একদিন তার হাতে উঠল সুইডিশ পাসপোর্ট।
এটা রূপকথা না। এটা বাস্তব। তবে ২০২৬ সালে এসে পথটা আগের চেয়ে লম্বা আর সরু হয়েছে।
সুইডেনে কাজ করতে চাইলে লাগবে Arbetstillstånd — ওয়ার্ক পারমিট। এর জন্য দরকার একজন সুইডিশ নিয়োগকর্তা, যিনি আপনাকে নিয়োগ দিতে রাজি এবং নির্ধারিত বেতন দিতে সক্ষম।
বেতনের তিন স্তর — কে কোথায় পড়েন?
১ জুন ২০২৬ থেকে ওয়ার্ক পারমিটের বেতন আর এক মাপের নয়। "ভালোভাবে জীবনযাপনের" (good living) পুরনো শর্ত সরিয়ে নতুন "বেতন শর্ত" (salary requirement) এসেছে। নিচের সংখ্যাগুলো ১৬ জুন ২০২৬-এর হালনাগাদ মিডিয়ান বেতন SEK ৩৮,৩০০-এর ভিত্তিতে:
(১ জুন ২০২৬ থেকে)
(১ জুন–১ ডিসেম্বর ২০২৬)
যাঁরা ১ জুন ২০২৬-এর আগে পারমিট পেয়েছেন এবং ১ জুন থেকে ১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নবায়নের আবেদন করবেন — তাঁদের জন্য পুরনো ৮০% (SEK ৩০,৬৪০) নিয়মই চলবে।
২ ডিসেম্বর ২০২৬ থেকে সব নবায়নের আবেদনেই নতুন ৯০% শর্ত প্রযোজ্য হবে। আপনার পারমিট যদি ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুতে শেষ হয়, ১ ডিসেম্বরের আগে আবেদন করা গেলে অনেক টাকা ও দুশ্চিন্তা বাঁচবে। মনে রাখবেন, নবায়নের আবেদন করা যায় মেয়াদ শেষের সর্বোচ্চ দুই মাস আগে থেকে।
অন্যান্য পরিবর্তন — ১ জুন ২০২৬
| বিষয় | বিস্তারিত (Migrationsverket, ২০২৬) |
|---|---|
| স্বাস্থ্য বিমা নতুন | সর্বোচ্চ ১ বছরের পারমিটের জন্য ব্যাপক স্বাস্থ্য বিমা থাকা বা আবেদন করা বাধ্যতামূলক |
| EU ব্লু কার্ড | বেতন সীমা SEK ৫৩,৬২৫/মাস (১৫ জুলাই ২০২৬ থেকে; সুইডেনের গড় বেতনের ১.২৫ গুণ)। পারমিটের মেয়াদ ২ বছর থেকে বেড়ে সর্বোচ্চ ৪ বছর (সর্বনিম্ন ৯ মাস) |
| মৌসুমী কাজ (Seasonal) | কালেক্টিভ চুক্তি অনুযায়ী পূর্ণকালীন কাজের ন্যূনতম বেতন (পার্ট-টাইমেও প্রযোজ্য)। মেয়াদ ৬ মাস থেকে বেড়ে ১২ মাসে ৯ মাস |
| ICT পারমিট | মৌসুমী কাজের মতোই — কালেক্টিভ চুক্তির ন্যূনতম বেতন |
| নিয়োগকর্তার বিজ্ঞপ্তি নতুন | কর্মী পারমিট কার্যকর হওয়ার ৪ মাসের মধ্যে কাজ শুরু না করলে নিয়োগকর্তাকে Migrationsverket-কে জানাতে হবে |
| নিয়োগকর্তার দায় নতুন | নিয়োগকর্তার ঘাটতির কারণে আবেদন বাতিল হতে পারে। অপরাধ ও সন্দেহভাজন রেজিস্টার থেকে তথ্য Migrationsverket-কে দেওয়া যাবে |
| পারমিটের মেয়াদ | সাধারণ ওয়ার্ক পারমিট সর্বোচ্চ ২ বছর, তবে চাকরির চুক্তির চেয়ে বেশি নয় |
| আবেদন ফি | কর্মী SEK ২,২০০ | প্রাপ্তবয়স্ক পরিবার সদস্য SEK ১,৫০০ | শিশু SEK ৭৫০ |
| প্রক্রিয়ার সময় | উচ্চদক্ষ, সম্পূর্ণ আবেদন: ৭৫% ১ মাসে অন্যান্য পেশা, সম্পূর্ণ আবেদন: ৭৫% ৪ মাসে অসম্পূর্ণ আবেদন হলে ১৩ মাস পর্যন্ত |
এখান থেকেই বোঝা যায় সবচেয়ে বড় শিক্ষাটা: অসম্পূর্ণ আবেদন করলে অপেক্ষা চার মাস থেকে বেড়ে তেরো মাস হয়ে যেতে পারে। Migrationsverket স্পষ্ট বলে যে তারা সম্পূর্ণ আবেদনকে অগ্রাধিকার দেয়। তাড়াহুড়ো করে অর্ধেক কাগজপত্র দিয়ে আবেদন করার চেয়ে দুই সপ্তাহ দেরি করে সবকিছু গুছিয়ে দেওয়া অনেক ভালো।
ছাড়প্রাপ্ত পেশার সম্পূর্ণ তালিকা Aliens Ordinance
নিচের ২৭টি পেশাগত গ্রুপ ৯০% বেতন সীমা থেকে ছাড় পেয়েছে — এদের জন্য মিডিয়ান বেতনের ৭৫% (SEK ২৮,৭২৫) হলেই চলবে। তালিকাটি Utlänningsförordningen (2006:97), ৫ম অধ্যায় ৬ ধারায় আছে। প্রতিটি নামের পাশে SSYK 2012 কোড দেওয়া — নিজের পেশা মেলানোর সময় কোডটাই আসল, নামের অনুবাদ নয়।
যে চারটি গোষ্ঠীও ৭৫% ছাড় পান
১. বর্তমান শিক্ষার্থী ও গবেষক: যাঁরা সুইডেনে স্টুডেন্ট বা রিসার্চার রেসিডেন্স পারমিট নিয়ে আছেন এবং প্রথমবার ওয়ার্ক পারমিটের আবেদন করছেন। এই ছাড় দুই বছরের জন্য — অথবা পারমিটের মেয়াদ তার চেয়ে দীর্ঘ হলে মেয়াদ শেষ পর্যন্ত।
২. সাময়িক সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তি: EU-র Temporary Protection Directive অনুযায়ী যাঁরা সুরক্ষা পেয়েছেন এবং কর্মসংস্থানের ভিত্তিতে পারমিটের আবেদন করছেন। এঁদের ক্ষেত্রেও একই দুই বছরের সীমা।
৩. বিদেশী স্বাস্থ্যসেবা পেশাদার: বিদেশী যোগ্যতাসম্পন্ন ডাক্তার, ডেন্টিস্ট ও নার্স, যাঁরা সুইডিশ লাইসেন্স (legitimation) পাওয়ার প্রক্রিয়ায় আছেন।
৪. স্টার্টআপ টেক বা লাইফ সায়েন্স কোম্পানির কর্মী: কোম্পানিটি স্টার্টআপ পর্যায়ে হতে হবে, ৫ বছরের কম পুরনো এবং ১০০-র কম কর্মী।
এই প্রথম দলটিই সুইডেনে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মানে হলো — সুইডেনে পড়াশোনা শেষ করে এখান থেকেই প্রথম চাকরিতে ঢুকলে আপনার প্রয়োজন SEK ৩৪,৪৭০ নয়, SEK ২৮,৭২৫। প্রায় ছয় হাজার ক্রোনার কম। এন্ট্রি-লেভেল চাকরির বাজারে এই পার্থক্যটা অনেক বড়।
যে দুটো পেশায় ওয়ার্ক পারমিট এখন বন্ধ ❌
১ জুন ২০২৬ থেকে দুটো পেশায় আর ওয়ার্ক পারমিট দেওয়া হয় না, বেতন বা চুক্তির শর্ত যাই হোক না কেন:
ওয়ার্ক পারমিট আবেদনের ধাপসমূহ
🎓🔬 পিএইচডি ও গবেষকদের জন্য বিশেষ পথ
একজন গবেষক একদিন আমাকে বলেছিল, "ভাই, আমি সুইডেনে গবেষণা করতে এসেছি, ভিসার জটিলতায় ডুবে থাকতে নয়।"
সুইডেন সরকার সম্ভবত তার কথাই শুনেছে। ২০২৬ সালের সংস্কারে যেখানে প্রায় সব দরজা সরু হয়েছে, সেখানে পিএইচডি ও গবেষকদের দরজাটা উল্টো চওড়া হয়েছে। লক্ষ্য একটাই — আন্তর্জাতিক মেধাকে ধরে রাখা।
গবেষক ও ডক্টরাল শিক্ষার্থীদের জন্য চারটি বড় সুবিধা এসেছে: হোস্টিং চুক্তি থাকলে গবেষণা পারমিট, স্থায়ী বসবাসের সময় কমে তিন বছর, চাকরি খোঁজার পারমিটের মেয়াদ বৃদ্ধি, এবং সুইডেনের ভেতর থেকেই আবেদনের বাড়তি সুযোগ।
১. হোস্টিং চুক্তি থাকলে "গবেষণা পারমিট"
আপনি যদি ডক্টরাল শিক্ষার্থী হন এবং কোনো অনুমোদিত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে হোস্টিং চুক্তি (hosting agreement) থাকে, তাহলে আপনি এখন অন্য গবেষকদের মতোই residence permit for research-এর আবেদন করতে পারবেন — স্টুডেন্ট পারমিট নয়। এতে আপনি গবেষণা-সংক্রান্ত সব সুবিধার আওতায় চলে আসেন।
হোস্টিং চুক্তি না থাকলে? সুইডেনের বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে ভর্তি থাকলে doctoral studies-এর পারমিট, আর ভিজিটিং ডক্টরাল শিক্ষার্থী হলে visitor's permit।
২. স্থায়ী বসবাস — চার বছর থেকে নেমে তিন বছরে বড় সুবিধা
এটাই সবচেয়ে বড় খবর। ১১ জুন ২০২৬ থেকে টানা তিন বছর নিচের যেকোনো পারমিটে থাকলেই স্থায়ী রেসিডেন্স পারমিটের (PR এখানে PUT বা Permanent Uppehållstillstånd নামে পরিচিত) আবেদন করা যায়:
— গবেষণার জন্য রেসিডেন্স পারমিট (residence permit for research)
— দীর্ঘমেয়াদী মোবিলিটির ক্ষেত্রে গবেষণা পারমিট
— বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল প্রোগ্রামের রেসিডেন্স পারমিট
— সুইডিশ EU ব্লু কার্ড
এবং সবচেয়ে ভালো খবর: এই পারমিটগুলোর সময় একসঙ্গে যোগ করা যায়। অর্থাৎ ডক্টরাল প্রোগ্রামে দুই বছর আর গবেষণা পারমিটে এক বছর — মোট তিন বছর হলেই আপনি যোগ্য।
পুরনো নিয়মও বহাল আছে — আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন: গত সাত বছরের মধ্যে মোট চার বছর ওয়ার্ক পারমিট, গবেষণা পারমিট, মৌসুমী কাজের পারমিট, EU ব্লু কার্ড বা ICT পারমিটে থাকলে। এখানে চার বছর টানা হতে হবে না, সাত বছরের মধ্যে মোট চার বছর হলেই চলবে।
নতুন তিন-বছরের নিয়মে অবশ্য সময়টা টানা হতে হবে। কোনটা আপনার জন্য ভালো, সেটা নির্ভর করে আপনার পারমিটের ইতিহাসে ফাঁক আছে কি না তার উপর।
৩. চাকরি খোঁজার পারমিট — ১৮ মাস পর্যন্ত
গবেষণা বা ডক্টরাল প্রোগ্রাম শেষ করলে চাকরি খোঁজার বা ব্যবসার সম্ভাবনা যাচাইয়ের পারমিট আগে ছিল ১২ মাস। ১১ জুন ২০২৬ থেকে এটি সর্বনিম্ন ১২ এবং সর্বোচ্চ ১৮ মাস।
৪. সুইডেন না ছেড়েই নতুন পারমিটের আবেদন
১ জুন ২০২৬ থেকে, আপনি যদি গবেষণা বা পড়াশোনা শেষে চাকরি খোঁজার পারমিটে থাকেন, তাহলে সুইডেন না ছেড়েই গবেষণা বা ডক্টরাল পড়াশোনার নতুন পারমিটের আবেদন করতে পারবেন। শর্ত একটাই — বর্তমান পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করতে হবে।
১১ জুন থেকে পরিবারের সদস্যরাও নিজেরাই সুইডেনের ভেতর থেকে গবেষণা বা ডক্টরাল পারমিটের আবেদন করতে পারবেন — যদি তাঁদের বর্তমানে শিক্ষার্থী, ডক্টরাল শিক্ষার্থী, গবেষক বা চাকরি-খোঁজার পারমিটধারীর পরিবার সদস্য হিসেবে পারমিট থাকে।
সাধারণ নিয়মে স্টুডেন্ট পারমিটের সময় নাগরিকত্বের "hemvist" বা বসবাসকালের হিসাবে গোনা হয় না। কিন্তু ডক্টরাল (তৃতীয়-চক্র) পর্যায়ে পড়াশোনা করলে কিছু ক্ষেত্রে সেই সময়টা গোনা যায় — যদি স্পষ্ট হয় যে পড়াশোনা শেষে আপনার সুইডেনে থাকার অভিপ্রায় ছিল। এটি একটি বড় পার্থক্য, নিচে পর্ব পাঁচে বিস্তারিত আছে।
পাসপোর্টের কপি (স্পষ্ট ও সম্পূর্ণ)
ডক্টরেট ভর্তির সিদ্ধান্তপত্র (বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন লেটার)
ডক্টরেট সার্টিফিকেট — সুপারভাইজারের স্বাক্ষরিত, পড়াশোনার শুরু ও শেষের তারিখ উল্লেখসহ
আর্থিক সক্ষমতার প্রমাণ — কর্মচুক্তি + সর্বশেষ বেতন স্লিপ, অথবা স্ব-কর্মসংস্থানের নথি
বাসস্থানের প্রমাণ — ভাড়া চুক্তি বা মালিকানার দলিল
২০২৬ সালের আয়ের হিসাব: বাসস্থান খরচ বাদ দেওয়ার পর মাসে SEK ৬,২৪৩ অবশিষ্ট থাকতে হবে (একা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে)
🏡 স্থায়ী রেসিডেন্স পারমিট PR (PUT)
স্থায়ী রেসিডেন্স পারমিট পাওয়া মানে সুইডেনে একটা শিকড় গাঁথা। আর শিকড় গাঁথতে সময় লাগে।
একটা বদল অবশ্য এসেছে: আগে long-term resident status পেলে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী পারমিট মিলত। ১২ জুলাই থেকে সেটি আর হয় না — এখন পাঁচ বছর মেয়াদী নবায়নযোগ্য পারমিট মেলে। আগে থেকে পাওয়া স্থায়ী পারমিট এই পরিবর্তনে প্রভাবিত হয় না।
ওয়ার্ক পারমিট থেকে PR বা PUT — মূল শর্ত
| শর্ত | বিবরণ (Migrationsverket, ২০২৬) |
|---|---|
| কাজের সময় | গত ৭ বছরের মধ্যে ৪ বছর ওয়ার্ক পারমিটে সুইডেনে কাজ করা এবং পারমিটের সব শর্ত পূরণ করা |
| নিজের আয়ে চলা | চাকরি বা নিজের ব্যবসা থেকে আয়। একাধিক পার্ট-টাইম চাকরির আয় যোগ করা যায় |
| আয় টেকসই হতে হবে | দীর্ঘমেয়াদে নিজের খরচ চালাতে পারবেন — এটা দেখাতে হবে। স্থায়ী চাকরি না থাকলে ব্যক্তিভেদে আলাদা মূল্যায়ন হয় |
| চরিত্র (skötsamhet) | ভবিষ্যতে অপরাধ করবেন না — এমন প্রত্যাশা থাকতে হবে। ছোট অপরাধ বা নিয়ম না মানাও বাধা হতে পারে। শুধু ১৫ বছরের কম বয়সীরা এই শর্ত থেকে মুক্ত |
| কখন আবেদন | ওয়ার্ক পারমিট নবায়নের আবেদনের সময়েই একসঙ্গে PR বা PUT-এর আবেদন করতে হয় |
| পরিবারের সদস্য | অন্তত ৩ বছর সুইডেনে রেসিডেন্স পারমিট থাকতে হবে; ১৮+ বয়সীদের নিজের আয়ে চলতে হবে এবং চরিত্রের শর্ত পূরণ করতে হবে |
PR বা PUT-এর আয়ের হিসাব হয় সম্পূর্ণ আলাদাভাবে: কর দেওয়ার পর আপনার আয় থেকে মাসিক বাসস্থানের খরচ বাদ দিলে যা থাকে, তা দিয়ে খাবার, পোশাক, স্বাস্থ্যবিধি, ফোন, বিদ্যুৎ ও বিমার খরচ চলতে হবে। ২০২৬ সালে একজন প্রাপ্তবয়স্কের জন্য এই অবশিষ্ট অঙ্কটি SEK ৬,২৪৩/মাস। ভাড়াবাড়িতে থাকলে ভাড়া + পানি ও গরম করার খরচ ধরতে হবে। অন্য প্রাপ্তবয়স্কের সঙ্গে থাকলে বাসস্থানের খরচ মাথাপিছু ভাগ করে হিসাব করবেন। শুধু নিজের খরচ দেখালেই চলবে, পরিবারের নয়।
শর্তটি হলো আপনার আয় টেকসই হতে হবে। স্থায়ী চাকরি না থাকলে Migrationsverket ব্যক্তিভেদে মূল্যায়ন করে আপনার আয় নির্ভরযোগ্য কি না। স্থায়ী চুক্তি অবশ্যই সাহায্য করে, কিন্তু সেটি আইনি বাধ্যবাধকতা নয়। ১৮ মাসের কথাটি সম্ভবত অন্য একটি প্রেক্ষাপট থেকে এসে ছড়িয়েছে।
যে আয় গোনা হয় না
— পরিবারের সদস্যের আয়
— সম্পদ বা বিনিয়োগ থেকে আয়
— বেকার ভাতা বা activity compensation
— যেকোনো ধরনের অনুদান বা স্কলারশিপ
— ভর্তুকিযুক্ত চাকরি (যেখানে সরকার বেতনের অংশ দেয়)
— পেনশন (তবে পেনশনভোগীরা আয়ের শর্ত থেকে ছাড় পেতে পারেন)
শুধু বৈধ কাজের কর-প্রদত্ত আয় গোনা হয়। চলমান চাকরি থাকলে পিতৃত্ব/মাতৃত্বকালীন বা অসুস্থতাজনিত ভাতা গোনা যায়, যদি ছুটি ১২ মাসের বেশি না হয়।
EU ব্লু কার্ডধারীদের জন্য দ্রুততর পথ
বেতন সীমা: SEK ৫৩,৬২৫/মাস (১৫ জুলাই ২০২৬ থেকে)। এটি সুইডেনের গড় মোট বেতনের ১.২৫ গুণ, প্রতি বছর হালনাগাদ হয়।
যোগ্যতা: ১৮০ ক্রেডিটের সমতুল্য উচ্চশিক্ষা অথবা ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা।
PR বা PUT: সুইডেনে ৩৬ মাস ব্লু কার্ডে থাকলেই স্থায়ী পারমিটের আবেদন করা যায়। ব্লু কার্ডের সঙ্গে ওয়ার্ক পারমিট, ICT বা মৌসুমী পারমিট মিলিয়ে গত ৭ বছরে মোট ৪৮ মাস হলেও চলবে (সময় টানা না হলেও)।
বাড়তি সুবিধা: ব্লু কার্ডে ট্রেড ইউনিয়নের বিজ্ঞাপন বা labour market test লাগে না, আর পারমিট এখন প্রথমবারেই ৪ বছর পর্যন্ত মেলে।
🌍 দীর্ঘমেয়াদী বাসিন্দা মর্যাদা (LTR)
"ভাই, PR/PUT আর LTR কি একই জিনিস?" — একবার এই প্রশ্নটা শুনে আমি একটু থামলাম। বললাম, "দুটো আলাদা। কিন্তু দুটোই সুইডেনে শিকড় গাঁথার পথ।"
২০২৬ সালে এসে উত্তরটা আরও জটিল হয়েছে। কারণ ১২ জুলাই থেকে LTR আর PR/PUT-এর সম্পর্কটাই উল্টে গেছে।
Long-Term Resident (LTR) হলো EU কাউন্সিল ডিরেক্টিভ ২০০৩/১০৯/EC অনুযায়ী একটি বিশেষ আইনি মর্যাদা। PR/PUT যেখানে সুইডেনের নিজস্ব জাতীয় আইনের সৃষ্টি, LTR সেখানে EU-স্তরের স্বীকৃতি — যা অন্য EU দেশেও কাজে আসে। সুইডেনে টানা পাঁচ বছর বৈধভাবে বসবাস করলে এর জন্য আবেদন করা যায়।
Migrationsverket-এর ভাষায়: এখন LTR মর্যাদা পেলে আপনি একইসঙ্গে পাঁচ বছর মেয়াদী একটি রেসিডেন্স পারমিট পাবেন — স্থায়ী পারমিট নয়। এবং এরপর আপনি আর কখনোই স্থায়ী রেসিডেন্স পারমিট পাবেন না — LTR হিসেবেও নয়, অন্য কোনো ভিত্তিতেও নয়।
অর্থাৎ আপনি যদি ওয়ার্ক পারমিটে থেকে চার বছর পূর্ণ করে PR/PUT-এর দিকে এগোচ্ছেন, তাহলে তার আগে LTR-এর আবেদন করে বসলে PR/PUT-এর দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আগে LTR পেলে বোনাস হিসেবে PR/PUT-ও মিলত; এখন উল্টো।
আপনার হাতে যদি ইতিমধ্যেই স্থায়ী রেসিডেন্স পারমিট থাকে এবং তারপর আপনি LTR মর্যাদা পান, তাহলে আপনার PR/PUT বহাল থাকবে। একইভাবে, ১২ জুলাই ২০২৬-এর আগে যাঁরা LTR পেয়েছেন, তাঁরা EC/EU কার্ডের সঙ্গে PR/PUT কার্ডও পেয়েছেন — সেটিও অক্ষত থাকবে।
সহজ কথায় ক্রম গুরুত্বপূর্ণ: আগে PR/PUT, তারপর LTR — নিরাপদ। আগে LTR, তারপর PR/PUT — আর সম্ভব নয়।
LTR-এর শর্তাবলী
| শর্ত / বিষয় | বিস্তারিত (Migrationsverket, ২০২৬) |
|---|---|
| বাসস্থানের সময় | গত ৫ বছর সুইডেনে বিরামহীন বৈধ বসবাস |
| কী গণনায় আসে না | ভিজিটর পারমিট এবং ডক্টরেট স্তরের নিচের পড়াশোনার সময় (স্নাতক ও স্নাতকোত্তর) |
| অনুপস্থিতির সীমা | একটানা ৬ মাসের বেশি, অথবা পাঁচ বছরে মোট ১০ মাসের বেশি সুইডেনের বাইরে থাকলে ধারাবাহিকতা ভেঙে যায় |
| আর্থিক শর্ত | নিজেকে ও পরিবারকে সাবলম্বী রাখতে পারবেন। এই শর্তটি PR/PUT-এর আর্থিক শর্তের মতো নয় — আলাদাভাবে মূল্যায়ন হয় |
| যা পাবেন (১২ জুলাই ২০২৬ থেকে) | EC/EU রেসিডেন্স পারমিট কার্ড + ৫ বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট কার্ড |
| ওয়ার্ক পারমিট | LTR থাকলে সুইডেনে কাজ করতে আলাদা ওয়ার্ক পারমিট লাগে না |
| পরিবারের সদস্য | স্বয়ংক্রিয়ভাবে LTR পান না — প্রত্যেককে নিজে আবেদন করতে ও শর্ত পূরণ করতে হয়। ৫ বছরের কম বসবাসকারী সন্তানরা LTR পাবে না |
| মর্যাদা বাতিল | EU-র বাইরে ১ বছরের বেশি, বা সুইডেনের বাইরে টানা ৬ বছরের বেশি থাকলে, অথবা অন্য EU দেশে LTR পেলে |
— অন্য EU দেশে গিয়ে কাজ, পড়াশোনা, ব্যবসা বা অবসর জীবন কাটানোর সুযোগ (PR/PUT দিয়ে এটা হয় না)
— সুইডেনে থাকাকালীন সব সামাজিক সুবিধা ও স্বাস্থ্যসেবা
— নাগরিকত্বের আবেদনে স্থায়ী পারমিটের বিকল্প হিসেবে গ্রহণযোগ্য (নিচে দেখুন)
LTR ও নাগরিকত্ব
এখানে একটা ক্ষতিপূরণমূলক ব্যবস্থা রাখা হয়েছে। যেহেতু LTR ধারীরা আর PR/PUT পান না, আর নাগরিকত্বের জন্য সাধারণত PR/PUT লাগে — তাই ১২ জুলাই ২০২৬ থেকে LTR মর্যাদাধারীরা স্থায়ী পারমিট ছাড়াই নাগরিকত্বের আবেদন করতে পারবেন। শর্ত দুটোর যেকোনো একটি:
১০ বছরের সংখ্যাটি আলাদা ভূমিকা পালন করে — সেটি শুধু "সুপ্রতিষ্ঠিত সম্ভাবনা"-র পরীক্ষাটি মওকুফ করে। ৮ বছর hemvist পূর্ণ হলে এবং LTR বজায় থাকার সম্ভাবনা থাকলে আপনি ১০ বছরের অপেক্ষা না করেই আবেদন করতে পারেন।
LTR বনাম PR/PUT — কোনটা কার জন্য?
| বিষয় | PR/PUT (স্থায়ী রেসিডেন্স পারমিট) | LTR (দীর্ঘমেয়াদী বাসিন্দা) |
|---|---|---|
| আইনি ভিত্তি | সুইডেনের জাতীয় আইন | EU ডিরেক্টিভ |
| মেয়াদ | মেয়াদহীন | মর্যাদা মেয়াদহীন, কিন্তু পারমিট ৫ বছর মেয়াদী (নবায়নযোগ্য) |
| সময় | কাজে ৭ বছরে ৪ বছর; গবেষণা/ডক্টরালে টানা ৩ বছর | টানা ৫ বছর |
| অন্য EU দেশে সুবিধা | নেই | আছে — এটাই মূল আকর্ষণ |
| পরে PR/PUT পাওয়া | — | না — ১২ জুলাই ২০২৬-এর পর LTR পেলে PR/PUT-এর পথ বন্ধ |
ব্যবহারিক পরামর্শ: আপনার লক্ষ্য যদি সুইডেনে থিতু হয়ে নাগরিকত্ব নেওয়া হয়, তাহলে PR/PUT-ই স্বাভাবিক পথ — LTR-এর জন্য তাড়াহুড়ো করবেন না। কিন্তু আপনার পরিকল্পনায় যদি ভবিষ্যতে জার্মানি, নেদারল্যান্ডস বা অন্য EU দেশে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে LTR-এর মূল্য আছে। আদর্শ ক্রম: আগে PR/PUT নিন, তারপর LTR — তাতে দুটোই থাকে।
বিদ্যমান PR/PUT প্রত্যাহারের প্রস্তাব: "ন্যূনতম স্তর" তদন্ত কমিটি প্রস্তাব করেছিল যে বিদ্যমান স্থায়ী পারমিটগুলোও প্রত্যাহার করে সাময়িক পারমিটে পরিণত করা হোক। পরামর্শ প্রক্রিয়ার পর বিষয়টি পরবর্তী নির্বাচনী মেয়াদে স্থগিত করা হয়েছে — অর্থাৎ এখনই এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
পরিবার পুনর্মিলনের শর্ত কঠোর করার প্রস্তাবও আলোচনায় আছে।
সতর্কতা: এগুলো প্রস্তাব, আইন নয়। ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করবে। Migrationsverket-এর ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট অনুসরণ করুন।
🛂 সুইডিশ নাগরিকত্ব সম্পূর্ণ নতুন আইন
২০২৬ সালের ৬ জুন সুইডেনের নাগরিকত্ব আইন বদলে গেল — গত কয়েক দশকের সবচেয়ে বড় পরিবর্তন। যারা পাঁচ বছরের হিসাব কষে পরিকল্পনা সাজিয়েছিলেন, তাঁদের অনেককেই নতুন করে অঙ্ক কষতে হচ্ছে।
শর্ত ১ — বসবাসকাল (hemvist)
মূল নিয়ম এখন টানা আট বছর। তবে বিভিন্ন শ্রেণির জন্য আলাদা সময়:
| কে | প্রয়োজনীয় বসবাসকাল |
|---|---|
| সাধারণ নিয়ম | ৮ বছর (আগে ছিল ৫ বছর) |
| নর্ডিক দেশের নাগরিক | ২ বছর |
| সুইডিশ নাগরিকের স্বামী/স্ত্রী/সঙ্গী | ৭ বছর — এবং গত ৫ বছর একসঙ্গে বসবাস করতে হবে। সঙ্গী আগে অন্য দেশের নাগরিক থাকলে তাঁকে অন্তত ৫ বছর সুইডিশ নাগরিক হতে হবে |
| ২১ বছরের কম বয়সী | ৭ বছর |
| রাষ্ট্রহীন (stateless) | ৫ বছর |
| শরণার্থী মর্যাদাপ্রাপ্ত | ৭ বছর |
| আগে সুইডিশ নাগরিক ছিলেন | ২ বছর |
আপনি যদি ডক্টরাল (তৃতীয়-চক্র) পর্যায়ে পড়াশোনা করে থাকেন, তাহলে কিছু ক্ষেত্রে সেই স্টাডি পারমিটের সময়টাও hemvist-এ গোনা যায় — শর্ত হলো এটা স্পষ্ট হতে হবে যে পড়াশোনা শেষে আপনার সুইডেনে থাকার অভিপ্রায় ছিল। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এই সুবিধা পান না।
ছুটি বা বেড়ানোর মতো স্বল্প সময়ের ভ্রমণে সমস্যা নেই। কিন্তু এক বছরে মোট ছয় সপ্তাহের বেশি সুইডেনের বাইরে থাকলে, বাইরে থাকা পুরো সময়টাই আপনার hemvist থেকে বাদ যাবে। বাংলাদেশে দুই মাসের ছুটি কাটানো মানে দুই মাস পিছিয়ে যাওয়া। অন্য দেশে গিয়ে বসতি গাড়লে hemvist একেবারে শূন্য থেকে শুরু হয়।
শর্ত ২ — ভাষা ও সমাজজ্ঞান প্রথমবার
সুইডেনের আধুনিক ইতিহাসে এই প্রথম নাগরিকত্বের জন্য ভাষা পরীক্ষা এল। এটি প্রযোজ্য ১৬ থেকে ৬৬ বছর বয়সীদের জন্য।
পড়া ও শোনা বোঝা: B1 স্তর
বলা ও লেখা: A2 স্তর
অর্থাৎ শোনা-পড়ায় তুলনামূলক উঁচু, কিন্তু বলা-লেখায় নমনীয় — এটা বাস্তবসম্মত একটা ভারসাম্য।
পরীক্ষা না দিয়েও প্রমাণ করা যায় — নিচের যেকোনো একটি সনদ থাকলেই চলবে:
সমাজজ্ঞানের জন্য নবম শ্রেণি, উচ্চ মাধ্যমিক বা Komvux-এ samhällskunskap (সমাজবিজ্ঞান) বিষয়ে পাস নম্বর দেখাতে হবে।
সমাজজ্ঞানের নাগরিকত্ব পরীক্ষা: আগস্ট ২০২৬ থেকে পাওয়া যাচ্ছে।
ভাষার নাগরিকত্ব পরীক্ষা: সবচেয়ে আগে ২০২৭ সালের শরৎকাল। ততদিন পর্যন্ত যাঁদের অনুমোদিত সনদ নেই, তাঁরা Tisus পরীক্ষায় পাস করে ভাষার দক্ষতা দেখাতে পারবেন। ক্রান্তিকালে Folkuniversitet-এর Swedex-এর মতো অন্য নির্ভরযোগ্য পরীক্ষাও গ্রহণযোগ্য।
অন্য উপায়ে শর্ত পূরণ না হলে Migrationsverket নিজেই আপনাকে পরীক্ষার আমন্ত্রণ পাঠাবে।
ছাড় পান কারা: সুইডেনে জন্মানো ২১ বছরের কম বয়সী রাষ্ট্রহীন ব্যক্তি, নর্ডিক নাগরিক, এবং প্রতিবন্ধিতা বা অন্য যুক্তিসঙ্গত কারণে যাঁরা শর্ত পূরণে অক্ষম।
শর্ত ৩ — নিজের আয়ে চলা নতুন
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| কাদের জন্য | ১৮ থেকে ৬৭ বছর বয়সী সব আবেদনকারী |
| আয়ের পরিমাণ | বছরে অন্তত তিনটি income base amount, করের আগে — ২০২৬ সালে SEK ২,৫০,২০০ (মাসে প্রায় SEK ২০,৮৫০) |
| কোন আয় গোনা হয় | চাকরি বা নিজের ব্যবসার নিয়মিত আয়, যা আপনার নিজের। মূলধন বা বিনিয়োগের আয় গোনা হয় না |
| যা গোনা হয় না | ভর্তুকিযুক্ত চাকরি (nystartsjobb, etableringsjobb ইত্যাদি), বেকার ভাতা, activity support, উন্নয়ন ভাতা |
| সামাজিক সহায়তা | সিদ্ধান্তের আগের ৩ বছরে মোট ৬ মাসের বেশি försörjningsstöd নেওয়া যাবে না |
আপনি যদি সুইডেনের বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পড়াশোনা করেন এবং সন্তোষজনক ফলাফল রাখেন — স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টরাল যেকোনো স্তরে ডিগ্রির লক্ষ্যে — তাহলে আপনি আয়ের শর্ত থেকে মুক্ত। উচ্চ বৃত্তিমূলক শিক্ষা (yrkeshögskola) ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও ছাড় পান। তবে গত তিন বছরে ছয় মাসের বেশি সামাজিক সহায়তা নেওয়া যাবে না।
অন্যান্য ছাড়: বার্ধক্য পেনশন বা প্রবীণদের আয় সহায়তার অধিকারী, এবং প্রতিবন্ধিতার মতো কারণে যাঁদের কাছ থেকে আয়ের প্রত্যাশা করা যুক্তিসঙ্গত নয়।
শর্ত ৪ — সুশৃঙ্খল ও সৎ জীবনযাপন
Migrationsverket Kronofogden (ঋণ আদায় কর্তৃপক্ষ), পুলিশ ও Säpo (নিরাপত্তা সংস্থা) থেকে তথ্য নেয়, এবং Schengen Information System (SIS)-এও আপনার নাম যাচাই করে।
অপরাধ করলে অপেক্ষার সময় (karenstid): সাজার ধরন অনুযায়ী নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় — ৩০ দিনের জরিমানায় অন্তত ২ বছর, ১০০ দিনের জরিমানায় ৪ বছর, শর্তসাপেক্ষ দণ্ডে ৪ বছর, প্রবেশনে ৫ বছর, ১ মাসের কারাদণ্ডে ৭ বছর, ১ বছরের কারাদণ্ডে ১০ বছর, ৪ বছরের কারাদণ্ডে সাজা ভোগের পর আরও ১৫ বছর। বিদেশে করা অপরাধও গণ্য হয়, যদি সেটি সুইডিশ আইনেও অপরাধ হয়।
শর্ত ৫ — পরিচয় ও পারমিট
আপনার স্থায়ী রেসিডেন্স পারমিট, residence status, right of residence/residence card, অথবা নর্ডিক নাগরিকত্ব থাকতে হবে। (১২ জুলাই ২০২৬ থেকে কিছু সুরক্ষা-ভিত্তিক শ্রেণি স্থায়ী পারমিট ছাড়াই আবেদন করতে পারেন — উপরে পর্ব চারে দেখুন।)
পরিচয় প্রমাণের জন্য মূল পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র লাগবে, যা আপনার নিজের দেশের যথাযথ কর্তৃপক্ষ ইস্যু করেছে এবং যেখানে আপনার ছবি আছে। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও গ্রহণযোগ্য হতে পারে। এছাড়া সশরীরে Migrationsverket-এ গিয়ে পরিচয় যাচাই করাতে হবে — মালমো, গোটেবার্গ, নরশেপিং, সুন্দবিবার্গ, সুন্দসভাল বা বোডেনে। চিঠি না পাওয়া পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না।
খরচ: নাগরিকত্বের আবেদন ফি SEK ২,৯০০। আবেদন প্রত্যাখ্যাত হলে ফেরত পাওয়া যায় না।
সুইডেন দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে — সুইডিশ নাগরিক হতে গিয়ে আপনাকে অন্য নাগরিকত্ব ছাড়তে হবে না। তবে আপনার নিজের দেশ কী বলে সেটাও দেখতে হবে। বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে Dual Nationality Certificate সংক্রান্ত নিয়ম প্রযোজ্য — বাংলাদেশ দূতাবাস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা দেখে নিন।
নাগরিকত্ব বাতিলের প্রস্তাব সংবিধান সংশোধন
২০ মে ২০২৬ তারিখে সুইডিশ পার্লামেন্ট একটি সংবিধান সংশোধনীর পক্ষে প্রথম ভোট দিয়েছে, যা ভবিষ্যতে কিছু ক্ষেত্রে সুইডিশ নাগরিকত্ব প্রত্যাহারের সুযোগ তৈরি করবে।
কারা ঝুঁকিতে: শুধুমাত্র দ্বৈত নাগরিকরা। যাঁদের একমাত্র নাগরিকত্ব সুইডিশ, তাঁদের রাষ্ট্রহীন করা যাবে না — আন্তর্জাতিক আইনে তা নিষিদ্ধ।
দুটি কারণ: (১) মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দিয়ে নাগরিকত্ব নেওয়া, এবং (২) সুইডেনের "অত্যাবশ্যক স্বার্থের" (vital interests) মারাত্মক ক্ষতি করে এমন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া।
কোন অপরাধ? সংবিধান সংশোধনীতে তালিকা দেওয়া নেই — পরে সাধারণ আইনে নির্ধারিত হবে। সরকারের প্রস্তুতিমূলক নথি অনুযায়ী এতে থাকতে পারে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপরাধ, সন্ত্রাসবাদ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং অপরাধী নেটওয়ার্কের ভেতরে সংঘটিত "ব্যবস্থা-বিধ্বংসী" গুরুতর অপরাধ।
সংবিধান সংশোধনের জন্য সুইডেনে পার্লামেন্টকে দুইবার ভোট দিতে হয়, মাঝখানে একটি সাধারণ নির্বাচন হতে হয়। প্রথম ভোট হয়েছে ২০ মে ২০২৬। পরবর্তী সাধারণ নির্বাচন ১৩ সেপ্টেম্বর ২০২৬। দ্বিতীয় ভোট হবে তারপর, নতুন পার্লামেন্টে।
এরপরও সংশোধনী কার্যকর হলেই কেউ নাগরিকত্ব হারাবেন না — প্রকৃত নিয়মগুলো আলাদা সাধারণ আইনে লিখতে হবে, যা এখনও তৈরি হয়নি। অর্থাৎ বাস্তবে প্রয়োগ শুরু হতে আরও বেশ কিছু সময় লাগবে।
সংক্ষেপে: এটি একটি প্রস্তাব, আইন নয়। আইন মেনে চলা সাধারণ মানুষের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে নির্বাচনের পর কী হয়, সেদিকে চোখ রাখা ভালো।
⚖️ "Vandel" — চরিত্রের নতুন শর্ত ১৩ জুলাই ২০২৬
এটি ২০২৬ সালের সবচেয়ে কম আলোচিত অথচ সবচেয়ে ব্যাপক পরিবর্তন। ২০০৫ সালের আগে সুইডিশ আইনে vandelskrav বা চরিত্রের শর্ত ছিল; ১৩ জুলাই ২০২৬ থেকে সেটি ফিরে এসেছে।
আগে Migrationsverket মূলত দেখত আপনি সুইডেনে কোনো অপরাধ করেছেন কি না। এখন তারা আরও বিস্তৃতভাবে দেখে — আপনি আইন মেনে চলেন কি না, সৎভাবে নিজের খরচ চালান কি না, এবং জনশৃঙ্খলার জন্য হুমকি কি না।
— আপনার কোনো অপরিশোধিত ঋণ আছে কি না
— সামাজিক বিমা, সামাজিক সহায়তা বা অন্য সুবিধার জন্য আপনি সঠিক তথ্য দিয়েছেন কি না
— অপরাধী নেটওয়ার্ক, সন্ত্রাসী বা চরমপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগের কোনো ইঙ্গিত আছে কি না
— বারবার নিয়ম ভাঙার প্রবণতা আছে কি না
এই শর্ত প্রযোজ্য প্রায় সব ধরনের রেসিডেন্স পারমিটে — কর্মসংস্থানের ভিত্তিতে হোক বা পরিবারের সঙ্গে থাকার ভিত্তিতে। শুধু নতুন আবেদন নয়, চলমান পারমিট বাতিল করার ক্ষমতাও Migrationsverket-এর হাতে এসেছে।
Migrationsverket স্পষ্ট করেছে: বিচ্ছিন্ন, ছোটখাটো ঘটনা সাধারণত পারমিট প্রত্যাখ্যান বা বাতিলের কারণ হবে না। একটি বিল দেরিতে পরিশোধ করা কাউকে দেশছাড়া করবে না। সমস্যা হয় যখন আচরণটি বারবার ঘটে বা ইচ্ছাকৃত হয় — যেমন নিয়মিত জরিমানা বা বিল না দেওয়া, বা কর্তৃপক্ষকে জেনেশুনে ভুল তথ্য দেওয়া।
ব্যবহারিক পরামর্শ: সুইডেনে থাকাকালীন Kronofogden-এর খাতায় নাম না ওঠানোটাই এখন সবচেয়ে সস্তা "ইমিগ্রেশন বিনিয়োগ"। কোনো বিল নিয়ে বিরোধ থাকলে সেটি লিখিতভাবে নিষ্পত্তি করুন, ফেলে রাখবেন না। আর CSN, Försäkringskassan বা কমিউনে দেওয়া প্রতিটি তথ্য যেন নির্ভুল হয়।
⏳ সময়ের হিসাব — সৎভাবে যদি বলি
অনেক গাইড এই অংশটা এড়িয়ে যায়। কিন্তু পরিকল্পনা করতে হলে সত্যিটা জানা দরকার। ২০২৬ সালের নিয়মে একজন বাংলাদেশি শিক্ষার্থীর পথটা মোটামুটি এরকম দাঁড়ায়:
এই সংখ্যাগুলো ভয় দেখানোর জন্য নয়, পরিকল্পনার জন্য। সুইডেন এখনও চমৎকার একটা দেশ — বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চমৎকার কর্ম-জীবন ভারসাম্য, সন্তানের জন্য দারুণ ব্যবস্থা। শুধু নাগরিকত্বকে "গন্তব্য" না ভেবে "বোনাস" ভাবলে যাত্রাটা অনেক সহজ লাগবে।
😬⚠️ যে ভুলগুলো সবচেয়ে বেশি হয়
🗓️ তিন পথের টাইমলাইন
নিচের সংখ্যাগুলো ২০২৬ সালের নিয়মে হিসাব করা। মনে রাখবেন, স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার সময় নাগরিকত্বের hemvist-এ গোনা হয় না — এই একটি নিয়মই পড়াশোনার পথটাকে অন্য দুটোর চেয়ে লম্বা করে দেয়।
🌟 পথ দীর্ঘ, অপেক্ষার, কিন্তু সুগঠিত
কেউ একবার আমাকে বলেছিল, "বিদেশে থিতু হওয়া মানে নিজের শিকড় থেকে সরে যাওয়া।" আমি বলেছিলাম, "না। শিকড় তো মানুষের সাথে যায়। যেখানে যাও, সেখানেই নতুন শিকড় গজায়।"
সুইডেন সেই দেশ, যেখানে নতুন শিকড় গজাতে সময় লাগে বটে, কিন্তু একবার গজালে আর নড়ানো কঠিন।
সুইডেনে পড়াশোনা বা কাজ থেকে নাগরিকত্বের পথটা ছোট না — আর ২০২৬ সালের সংস্কারের পর সেটা আরও লম্বা হয়েছে। ধৈর্য লাগে, পরিশ্রম লাগে, এবং সঠিক তথ্য লাগে। সেই তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলো Migrationsverket — সুইডেনের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
তবে হতাশ হওয়ার কিছু নেই। নাগরিকত্ব একটা কাগজ; জীবনটা তার চেয়ে অনেক বড়। PR/PUT হাতে পাওয়ার দিন থেকেই আপনি সুইডেনের প্রায় সব সুবিধা পান — স্বাস্থ্যসেবা, সন্তানের শিক্ষা, কর্ম-জীবনের ভারসাম্য, নিরাপত্তা। পাসপোর্টটা আসে তার অনেক পরে, বোনাস হিসেবে।
এই লেখার তথ্য ৭ আগস্ট ২০২৬ পর্যন্ত হালনাগাদ। নিয়মকানুন দ্রুত বদলায় — বিশেষ করে ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর নির্বাচনের পর আরও পরিবর্তন আসতে পারে। আবেদনের আগে সবসময় সরাসরি Migrationsverket-এর ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করুন।
লেখকঃ ড. আবু বকর ছিদ্দিক (বিপ্লব)
জৈব তথ্য বিশ্লেষক,
গবেষক ও শিক্ষক,
সুইডিশ কৃষি বিশ্ববিদ্যালয় (SLU), উপসালা, সুইডেন
প্রথম প্রকাশ: ২৫-০৫-২০২৬ | হালনাগাদ: ০৭-০৮-২০২৬
Leave a comment