11 minute read

সুইডেনে উচ্চশিক্ষা: ইউরোপের সিলিকন ভ্যালিতে ক্যারিয়ার গড়ার সুযোগ


ছবিঃ studyinsweden.se

⚠️ হালনাগাদ নোটিশ (আগস্ট ২০২৬): ২০২৬ সালের জুন মাসে সুইডেনের অভিবাসন আইনে বড় ধরনের পরিবর্তন কার্যকর হয়েছে - ১ জুন (ওয়ার্ক পারমিট), ৬ জুন (সিটিজেনশিপ), ১১ জুন (স্টুডেন্ট ও পিএইচডি/গবেষক পারমিট) এবং ১৩ আগস্ট (পরিবার একত্রীকরণ (family reunification))। যারা আগে তথ্য পড়েছেন, তাদের অনুরোধ করছি নিচের অংশগুলো নতুন করে পড়তে। সব তথ্য Migrationsverket ও Universityadmissions.se-এর অফিসিয়াল পেজ থেকে যাচাই করা (যাচাইয়ের তারিখঃ ৯ আগস্ট ২০২৬)। নিয়ম দ্রুত বদলায়, তাই আবেদনের আগে সবসময় অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেবেন।

উন্নত জীবনমান, উদ্ভাবনী শিক্ষাব্যবস্থা ও কর্ম-জীবনের ভারসাম্যের জন্য সুইডেন ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ। স্টকহোমকে বলা হয় ইউরোপের সিলিকন ভ্যালি-এখানে জন্ম নিয়েছে IKEA, Volvo, Spotify, Skype-এর মতো বিশ্বখ্যাত কোম্পানি। বিভিন্ন র‍্যাংকিং অনুযায়ী সুইডেনের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা তালিকায় রয়েছে। সুইডেনের সব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেখানে ইংরেজিভাষী কোর্সের প্রাচুর্য রয়েছে। প্রতি বছর বাংলাদেশসহ বহু দেশ থেকে শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান।

তবে একটা কথা সরাসরি বলে রাখা ভালো: পড়াশোনার পরিবেশ ও শিক্ষার মান আগের মতোই চমৎকার, কিন্তু পড়া শেষে থেকে যাওয়ার পথ ২০২৬ সালে উল্লেখযোগ্যভাবে কঠিন হয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু “যাওয়ার” খরচ নয়, “থাকার” শর্তগুলোও হিসাবে রাখুন।

শিক্ষাব্যবস্থা ও জনপ্রিয় বিশ্ববিদ্যালয়

সুইডেনের শিক্ষাব্যবস্থা গবেষণাভিত্তিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক। এখানে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলায় গুরুত্ব দেওয়া হয়। উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়:

  • KTH Royal Institute of Technology
  • Lund University
  • Uppsala University
  • Chalmers University of Technology
  • Karolinska Institute (KI)
  • Swedish University of Agricultural Science (SLU)
  • Umeå University

জনপ্রিয় বিষয়: প্রকৌশল, ব্যবসা, মেডিসিন, সাংবাদিকতা, ডিজাইন ও আর্কিটেকচার।

গবেষণার জন্য সুইডেন একটি আদর্শ স্থান, বিশেষ করে পরিবেশ, প্রযুক্তি, মেডিকেল ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে।

স্কলারশিপ ও সেল্ফ-ফান্ডে পড়াশুনা

🎓 স্কলারশিপের ধরন:

১. Swedish Institute Scholarships for Global Professionals (SISGP)

  • শুধুমাত্র মাস্টার্স পর্যায়ের জন্য (ব্যাচেলর বা পিএইচডি নয়)
  • সম্পূর্ণ টিউশন ফি + মাসিক ভাতা SEK ১২,০০০ (~১.৫৬ লাখ টাকা) + ভ্রমণ মঞ্জুরি SEK ১৫,০০০ + বীমা
  • বাংলাদেশ ৩৪টি যোগ্য দেশের তালিকায় আছে
  • শর্ত: কমপক্ষে ৩,০০০ ঘণ্টা (প্রায় ২ বছর ফুলটাইম) প্রমাণযোগ্য কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ
  • বছরে প্রায় ৩০০টি স্কলারশিপ; প্রতিযোগিতা অত্যন্ত তীব্র (আবেদনকারীদের মাত্র ১-২%)
  • ইউনিভার্সিটি আবেদন ও স্কলারশিপ আবেদন আলাদা - আগে universityadmissions.se-এ আবেদন করে ৮ সংখ্যার application number নিতে হয়, তারপর si.se-তে স্কলারশিপের আবেদন
  • বিস্তারিতঃ si.se

২. University Scholarships
বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব স্কলারশিপ দেয় (পূর্ণ বা আংশিক টিউশন ওয়েভার)। যেমন: Lund University Global Scholarship, KTH Scholarship, University of Gothenburg-এর Axel Adler Scholarship, Uppsala IPK Scholarship। বেশিরভাগ ক্ষেত্রে শুধু টিউশন কভার হয়, থাকা-খাওয়ার খরচ নয় - অর্থাৎ ভিসার ফান্ড আলাদা দেখাতে হবে।

৩. Third-party Scholarships
যেমন: Erasmus Mundus Joint Masters, Rotary Foundation ইত্যাদি।

💰 সেল্ফ-ফান্ড:

  • টিউশন ফি (ব্যাচেলর/মাস্টার্স): বছরে SEK ৮০,০০০–২৯৫,০০০ (আনুমানিক, ১ SEK ≈ ১৩ টাকা ধরে); বেশিরভাগ প্রোগ্রাম SEK ৯০,০০০–১৫০,০০০ (~১১.৭–১৯.৫ লাখ টাকা)। মানবিক/সমাজবিজ্ঞান তুলনামূলক কম, ইঞ্জিনিয়ারিং/মেডিসিন/ডিজাইন বেশি।
  • পিএইচডি: টিউশন ফি নেই; বরং পিএইচডি পজিশন একটি চাকরি - বেতন, পেনশন ও ছুটির সুবিধাসহ।

যোগ্যতা বা Requirements

  • ইংরেজি (English 6 / English Level 2): IELTS Academic-এ সামগ্রিক ৬.৫, কোনো সেকশনে ৫.৫-এর নিচে নয়। (⚠️ আগের ভার্সনে “প্রতিটিতে ৬” লেখা ছিল, সেটি সংশোধন করা হলো।) IELTS General Training ও IELTS Indicator গ্রহণযোগ্য নয়।
  • TOEFL iBT (নতুন স্কেল): ২১ জানুয়ারি ২০২৬ বা তার পরের টেস্টের জন্য মোট ৪.৫ (১–৬ স্কেলে), কোনো সেকশনে ৪-এর নিচে নয়। ২০ জানুয়ারি ২০২৬ বা আগের টেস্টের জন্য পুরনো স্কেলে মোট ৯০, রাইটিং ২০।
  • PTE Academic: ৬২ (রাইটিং ৬১); Cambridge C1 Advanced: ১৮০
  • পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
  • মোটিভেশন লেটার (SOP), রেফারেন্স লেটার (প্রোগ্রামভেদে)
  • পাসপোর্ট ও ছবি

ইউনিভার্সিটিতে আবেদনের প্রক্রিয়া

ওয়েবসাইট: universityadmissions.se
আবেদন ফি: SEK ৯০০ (~১১,৭০০ টাকা) - এক সেমিস্টারে যত প্রোগ্রামেই আবেদন করুন, ফি একবারই, অফেরতযোগ্য।

ফল সেমিস্টার (First round -বাংলাদেশী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটিই মূল রাউন্ড):

  • আবেদন শুরু: মধ্য-অক্টোবর
  • আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • আবেদন ফি ও ডকুমেন্ট জমার শেষ তারিখ: ~২ ফেব্রুয়ারি
  • ফলাফল: মাস্টার্স ~২৬ মার্চ, ব্যাচেলর ~৩১ মার্চ
  • ক্লাস শুরু: আগস্ট/সেপ্টেম্বর

স্প্রিং সেমিস্টার: আবেদন আগস্ট–১৫ সেপ্টেম্বর (খুব কম প্রোগ্রাম পাওয়া যায়)

Second round (মার্চে খোলে, এপ্রিলে বন্ধ হয়) মূলত সুইডেনে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য। নন-EU শিক্ষার্থীরা এই রাউন্ডে আবেদন করলে সময়মতো রেসিডেন্স পারমিট পাওয়া প্রায় অসম্ভব।

প্রয়োজনীয় ডকুমেন্টস: একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, ইংরেজি দক্ষতার প্রমাণ, পাসপোর্ট কপি, SOP/LOR (প্রোগ্রামভেদে)

ভিসা / রেসিডেন্স পারমিট প্রক্রিয়া

ধরন: Residence Permit for Studies (higher education)
আবেদন: Migrationsverket ই-সার্ভিসে
আবেদন ফি: প্রাপ্তবয়স্ক SEK ১,৫০০ (~১৯,৫০০ টাকা), ১৮ বছরের কম SEK ৭৫০। আবেদন নাকচ হলে ফেরত পাওয়া যায় না।
ফি মওকুফ: SI/Sida/EU/Uppsala ISP স্কলারশিপপ্রাপ্তরা (যদি স্কলারশিপে জীবনযাপন খরচ অন্তর্ভুক্ত থাকে), জাপানি নাগরিক, WMU শিক্ষার্থী।

গুরুত্বপূর্ণ শর্তসমূহ:

  • ফুলটাইম অন-ক্যাম্পাস পড়াশোনায় চূড়ান্তভাবে ভর্তি হতে হবে (ডিসট্যান্স/অনলাইন প্রোগ্রামে পারমিট হয় না)
  • টিউশন ফি-র প্রথম কিস্তি আগে পরিশোধ করতে হবে - এটি না হলে আবেদন প্রক্রিয়াই শুরু হয় না
  • Comprehensive health insurance (এক বছরের কম সময়ের কোর্স হলে)

💵 কত টাকা দেখাতে হবে? - ২০২৬

সাধারণত সেলফ ফান্ডে যিনি আসবেন তাঁর জন্য এটি প্রযোজ্য হবে। কিন্তু স্কলারশিপ নিচের খরচ কাভার করলে কোন টাকাই দেখাতে হবে না।

  • মাসে সর্বনিম্ন SEK ১০,৬৫৬ (~১.৩৯ লাখ টাকা)। (২০২৫-এ ছিল SEK ১০,৫৮৪)
  • ১ বছরের জন্য: SEK ১২৭,৮৭২ (~১৬.৬ লাখ টাকা)
  • ২ বছরের জন্য: SEK ২৫৫,৭৪৪ (~৩৩.২ লাখ টাকা)
  • সঙ্গে পরিবার এলে: স্ত্রী/পুরুষ সঙ্গীর জন্য অতিরিক্ত SEK ৪,৪৪০/মাস, প্রতি সন্তানের জন্য SEK ২,৬৬৪/মাস
  • বিশ্ববিদ্যালয় বিনামূল্যে থাকা/খাওয়ার ব্যবস্থা দিলে ছাড় আছে: খাবারের জন্য SEK ২,৯৬০/মাস, বাসস্থানের জন্য SEK ৪,৭৩৬/মাস

ফান্ডের উৎস হিসেবে গ্রহণযোগ্য: নিজের ব্যাংক অ্যাকাউন্টের টাকা, স্কলারশিপ, নিজ দেশের স্টুডেন্ট লোন/গ্রান্ট, স্পনসর, চাকরির আয়।

⚠️ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জরুরি সতর্কতা:

  • ব্যাংক স্টেটমেন্ট পারমিট শুরুর তারিখের সর্বোচ্চ ৪ মাস আগের হতে হবে
  • ব্যক্তি (আত্মীয়স্বজন) স্পনসর হিসেবে গ্রহণযোগ্য নয় - বাবা-মা বা আত্মীয়ের টাকা হলে সেটি আপনার নিজের নামের অ্যাকাউন্টে ট্রান্সফার করে “personal bank assets” হিসেবে দেখাতে হবে
  • FDR/লকড ডিপোজিট গ্রহণযোগ্য নয় যদি পারমিটের মেয়াদকালে টাকা আটকে থাকে
  • শেয়ার, মিউচুয়াল ফান্ড, ক্রেডিট লিমিট গ্রহণযোগ্য নয়
  • মাইক্রোফাইন্যান্স ব্যাংকের অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়
  • বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হলে সেই অনুমতিপত্রও দিতে হবে

পারমিটের মেয়াদ: সর্বোচ্চ ১ বা ২ বছর (বিশ্ববিদ্যালয়ভেদে), তবে পড়াশোনার মেয়াদের বেশি নয়। KTH, Lund, Uppsala, Chalmers, Karolinska, SLU, Stockholm University, Umeå-সহ প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ২ বছরের পারমিট পাওয়া যায়।

সিদ্ধান্তের সময়: সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ৭৫% আবেদনের সিদ্ধান্ত ২ মাসের মধ্যে হয়। তবে ভর্তির ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করাই বুদ্ধিমানের কাজ।


🔴 ১১ জুন ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে (স্টুডেন্ট পারমিটে)

এটিই এই লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হালনাগাদ। যাদের পারমিট ১১ জুন ২০২৬-এ বা তার পরে ইস্যু হয়েছে, তাদের জন্য:

১. কাজের সীমা: সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা
আগে স্টুডেন্ট পারমিটে কাজের ঘণ্টার কোনো সীমা ছিল না। এখন ব্যাচেলর/মাস্টার্স পর্যায়ে সেমিস্টার চলাকালে সপ্তাহে ১৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না

ব্যতিক্রম (সীমা প্রযোজ্য নয়):

  • জুন, জুলাই, আগস্ট মাসে - যত ইচ্ছা কাজ করা যাবে
  • ইন্টার্নশিপ বা পড়াশোনার অংশ হিসেবে কাজ
  • নিজ বিশ্ববিদ্যালয়ে student representation, প্রশাসনিক কাজ, গবেষণা বা artistic research
  • কমপক্ষে ২ সেমিস্টারের একটি প্রোগ্রাম সম্পূর্ণ শেষ করে সনদ পেয়ে গেলে (এবং নতুন করে স্টুডেন্ট পারমিটের আবেদন না করলে) - পারমিটের বাকি সময়ে সীমাহীন কাজ

⚠️ বেশি কাজ করলে পারমিট বাতিল হতে পারে, বা এক্সটেনশন নাকচ হতে পারে।

২. স্টাডি রেজাল্টের শর্ত (বেড়েছে)
রেসিডেন্স পারমিটের এক্সটেনশন পেতে হলে:

  • প্রথম বছরে: ন্যূনতম ৩৭.৫ ক্রেডিট (৬০-এর ৬২.৫%)
  • দ্বিতীয় বছর থেকে: প্রতি বছর ন্যূনতম ৪৫ ক্রেডিট (৭৫%)

পর্যাপ্ত ক্রেডিট না হলে পারমিট বাতিল বা এক্সটেনশন নাকচ হতে পারে।

৩. ঠিকানা জানানো বাধ্যতামূলক
পারমিট পাওয়ার পর এবং প্রতিবার ঠিকানা বদলালে ৩০ দিনের মধ্যে Migrationsverket-কে জানাতে হবে। (Personnummer/জনসংখ্যা নিবন্ধন (যেটাকে ‘অল ইন ওয়ানও’ বলে) সম্পন্ন হয়ে গেলে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।)

৪. সুইডেনে থেকে অন্য পারমিটে সুইচ করা কঠিন হলো
স্টুডেন্ট পারমিট থেকে (যেমন ওয়ার্ক পারমিটে) সুইডেনে বসেই আবেদন করতে চাইলে সাধারণ নিয়ম হিসেবে কমপক্ষে ২ সেমিস্টারের একটি প্রোগ্রাম সম্পূর্ণ শেষ করতে হবে।

৫. পরিবারের সদস্যদের পারমিট
আপনার পারমিট বাতিল হলে বা সম্পর্ক শেষ হলে তাদের পারমিটও বাতিল হতে পারে।

যাদের পারমিট ১১ জুন ২০২৬-এর আগে ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে ১৫ ঘণ্টার সীমা, বাড়তি ক্রেডিটের শর্ত ও ঠিকানা জানানোর বাধ্যবাধকতা এখনই প্রযোজ্য নয় - তবে এক্সটেনশনের আবেদন করলেই এসব শর্ত মানতে হবে

⚠️ যারা ১১ জুনের আগে আবেদন করেছিলেন কিন্তু সিদ্ধান্ত এসেছে ১১ জুন বা তার পরে - তাদের জন্য নতুন নিয়মই প্রযোজ্য


সুইডেনে পৌঁছানোর পর করণীয়

  • বাসস্থান নিশ্চিত করা (student housing বা private) - স্টকহোম/গোথেনবার্গে আবাসন সংকট তীব্র, ভর্তি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে হাউজিং কিউতে নাম লেখান
  • Personnummer (পার্সোনাল আইডেন্টিটি নম্বর) সংগ্রহ - Skatteverket-এ আবেদন; ১২ মাসের বেশি পারমিট থাকলে পাওয়া যায়। এটি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট, BankID, স্বাস্থ্যসেবা-সবই কঠিন
  • ব্যাংক অ্যাকাউন্ট ও BankID খোলা
  • Migrationsverket-কে ঠিকানা জানানো (৩০ দিনের মধ্যে) - নতুন নিয়ম
  • স্বাস্থ্যবীমা সক্রিয় করা (এক বছরের কম কোর্স হলে)
  • স্টুডেন্ট ইউনিয়নে যোগদান (nation/kår) - সামাজিক নেটওয়ার্ক ও সুবিধার জন্য
  • পার্ট-টাইম কাজ খোঁজা - সপ্তাহে ১৫ ঘণ্টার সীমা মনে রাখবেন

কমন প্রশ্ন ও উত্তর

Q: IELTS ছাড়া আবেদন করা যাবে কি?
A: হ্যাঁ, কিছু ক্ষেত্রে। তবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি সীমিত - আমাদের দেশের ব্যাচেলর ডিগ্রি স্বয়ংক্রিয়ভাবে English 6 রিকোয়ারমেন্ট পূরণ করে না। ইংরেজিতে মেজর করা ডিগ্রি থাকলে, বা EU/EEA ও নির্দিষ্ট কিছু ইংরেজিভাষী দেশ থেকে ইংরেজি মাধ্যমে ৬০ ECTS থাকলে ছাড় পাওয়া যায়। নিজের ক্ষেত্রে কী প্রযোজ্য তা universityadmissions.se-এর “country instructions” পেজে দেশ নির্বাচন করে দেখে নিন। অধিকাংশ ক্ষেত্রে IELTS/TOEFL লাগবেই।

Q: পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ পাওয়া যায় কি?
A: সুইডেনে পিএইচডি “স্কলারশিপ” নয়, বরং চাকরি (doktorandanställning) - বেতন, পেনশন, ছুটি ও সামাজিক সুবিধাসহ। টিউশন ফি নেই। পজিশনগুলো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন হিসেবে প্রকাশ হয়, আলাদা করে আবেদন করতে হয়।

Q: পড়াশোনা শেষে চাকরির সুযোগ কেমন?
A: পড়া শেষে চাকরি বা ব্যবসার সম্ভাবনা খোঁজার জন্য পারমিট পাওয়া যায়:

  • ব্যাচেলর/মাস্টার্স শেষে: সর্বোচ্চ ১ বছর
  • পিএইচডি শেষে: ১২ থেকে ১৮ মাস (১১ জুন ২০২৬ থেকে বাড়ানো হয়েছে, আগে ছিল ১২ মাস)

শর্ত: যে প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন সেটি পুরোপুরি শেষ করতে হবে এবং সব কোর্সে পাস করতে হবে। বর্তমান পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করতে হবে। এ সময়েও মাসিক SEK ১০,৬৫৬ ফান্ড দেখাতে হয়।

Q: ওয়ার্ক পারমিটের বেতনের শর্ত কী? (১ জুন ২০২৬ থেকে পরিবর্তিত)
A: আগে শর্ত ছিল মিডিয়ান স্যালারির ৮০%। ১ জুন ২০২৬ থেকে তা বেড়ে ৯০% হয়েছে - বর্তমানে মাসে SEK ৩৪,৪৭০ (~৪.৪৮ লাখ টাকা)। পাশাপাশি কালেক্টিভ এগ্রিমেন্ট বা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অনুযায়ীও বেতন হতে হবে।

🟢 তবে শিক্ষার্থীদের জন্য বড় ছাড় আছে: যারা সুইডেনে স্টুডেন্ট বা গবেষক পারমিট থাকা অবস্থায় প্রথমবার ওয়ার্ক পারমিটের আবেদন করেন, তাদের জন্য শর্ত মিডিয়ানের ৭৫% - বর্তমানে মাসে SEK ২৮,৭২৫। এই ছাড় ২ বছরের জন্য (বা পারমিট দীর্ঘতর হলে পারমিটের মেয়াদ পর্যন্ত) প্রযোজ্য। কিছু নির্দিষ্ট পেশাও (IT সাপোর্ট/অপারেশন টেকনিশিয়ান, ল্যাব ইঞ্জিনিয়ার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওয়েল্ডার ইত্যাদি প্রায় ২৭টি) এই ৭৫% তালিকায় আছে।

⚠️ ১ জুন ২০২৬ থেকে নিয়োগকর্তার বা চাকরীদাতার অতীত রেকর্ডে সমস্যা থাকলেও আবেদন নাকচ হতে পারে, এবং ১ বছরের কম থাকলে comprehensive health insurance বাধ্যতামূলক।

Q: PR (স্থায়ী বসবাস) পেতে কেমন সময় লাগে?
A: দুটি পথ আছে -

🔹 সাধারণ নিয়ম (ওয়ার্ক পারমিটধারীদের জন্য): গত ৭ বছরের মধ্যে মোট ৪ বছর ওয়ার্ক পারমিট, গবেষক পারমিট, EU Blue Card, ICT বা সিজনাল ওয়ার্ক পারমিট থাকতে হবে। ৪ বছর একটানা হওয়ার দরকার নেই, ৭ বছরের মধ্যে যোগ করে ৪ বছর হলেই হবে।

🔹 নতুন (১১ জুন ২০২৬ থেকে) - পিএইচডি ও গবেষকদের জন্য: টানা ৩ বছর নিচের যেকোনো পারমিট থাকলেই PR-এর আবেদন করা যাবে:

  • পিএইচডি প্রোগ্রামের রেসিডেন্স পারমিট
  • গবেষক (research) পারমিট, বা mobility for long-stay গবেষক পারমিট
  • Swedish EU Blue Card

একাধিক ধরনের পারমিট থাকলে সময় যোগ করা যাবে - যেমন পিএইচডির সময় + গবেষক পারমিটের সময়।

নোট: এই লেখার আগের সংস্করণে অনুমান করা হয়েছিল “২০২৬ সালের জুনে পাস ও কার্যকর হতে পারে” - সেটি সঠিক প্রমাণিত হয়েছে, নিয়মটি ১১ জুন ২০২৬ থেকে কার্যকর।

দুই ক্ষেত্রেই maintenance ও “orderly life” (skötsamt levnadssätt) শর্ত পূরণ করতে হবে।

Q: সিটিজেনশিপ পেতে কত সময় লাগে? (৬ জুন ২০২৬ থেকে বড় পরিবর্তন)
A: মূল নিয়ম ৫ বছর থেকে বাড়িয়ে ৮ বছর করা হয়েছে। সেই সঙ্গে নতুন যুক্ত হয়েছে:

  • স্বনির্ভরতার শর্ত (self-sufficiency): ১৬–৬৬ বছর বয়সীদের আবেদনের আগের টানা ৩ বছর নির্দিষ্ট আয় থাকতে হবে; গত ৩ বছরে ৬ মাসের বেশি försörjningsstöd (সামাজিক ভাতা) নেওয়া যাবে না। সুইডিশ বিশ্ববিদ্যালয়ে সন্তোষজনক ফলাফলসহ ফুলটাইম পড়াশোনার ক্ষেত্রে ছাড় থাকতে পারে।
  • সুইডিশ ভাষা ও সমাজ-জ্ঞানের পরীক্ষা ১৬–৬৬ বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক। সমাজ-জ্ঞানের পরীক্ষা ২০২৬ সালের আগস্ট থেকে চালু; ভাষার পরীক্ষা ২০২৭ সালের শরৎ থেকে (ততদিন Tisus বা Swedex-এর মতো টেস্ট দিয়ে প্রমাণ করা যাবে)।
  • “orderly life” যাচাই আরও কঠোর - অপরাধ, অপরিশোধিত ঋণ ইত্যাদি থাকলে অপেক্ষার সময় বাড়ে।

⚠️ কোনো ট্রানজিশনাল ব্যবস্থা নেই - ৬ জুন ২০২৬-এর আগে যেসব আবেদনের সিদ্ধান্ত হয়নি, সেগুলোও নতুন নিয়মেই বিচার হবে।

কিছু গোষ্ঠীর জন্য ভিন্ন সময়সীমা: নর্ডিক নাগরিক ২ বছর, রাষ্ট্রহীন ব্যক্তি ৫ বছর, শরণার্থী ও সুইডিশ নাগরিকের স্বামী/স্ত্রী ৭ বছর, পরিচয় প্রমাণ করতে না পারলে ন্যূনতম ১০ বছর।

Q: স্বামী/স্ত্রী বা পরিবারের সদস্যদের আবেদন এবং আগমন সংক্রান্ত বিষয়ে সুইডেনের অভিবাসন আইন কি পরিবর্তিত হচ্ছে?
A: হ্যাঁ, সুইডেনের পরিবার একত্রীকরণ (family reunification) আইনে পরিবর্তন আসছে — সুইডিশ পার্লামেন্ট (Riksdag) অনুমোদিত নতুন নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। এখন অস্থায়ী রেসিডেন্স পারমিটধারীর স্বামী/স্ত্রী বা পরিবারের সদস্যের জন্য আবেদন করতে হলে, সাধারণ নিয়ম অনুযায়ী স্পনসরকে অন্তত ২ বছর সুইডেনে বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে বসবাস করতে হবে। এছাড়া ভরণপোষণের (maintenance/försörjningskrav) শর্ত আরও কঠোর ও বিস্তৃত হচ্ছে, এবং এটি এখন পারমিট নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

Q: বর্তমানে কি ইমিগ্রেশন কঠিন হচ্ছে?
A: জি, স্পষ্টভাবেই কঠিন হয়েছে। ২০২৬ সালের জুনে একসঙ্গে যা কার্যকর হয়েছে:

  • স্টুডেন্ট পারমিটে সপ্তাহে ১৫ ঘণ্টার কাজের সীমা
  • এক্সটেনশনের জন্য কড়া ক্রেডিট শর্ত (৩৭.৫ / ৪৫)
  • ওয়ার্ক পারমিটের বেতন শর্ত ৮০% → ৯০% (SEK ৩৪,৪৭০)
  • সিটিজেনশিপ ৫ → ৮ বছর, সঙ্গে ভাষা, সমাজ-জ্ঞান ও আয়ের শর্ত
  • সুইডেনে বসে পারমিট বদলানো কঠিনতর

একই সঙ্গে কিছু ইতিবাচক পরিবর্তনও এসেছে: পিএইচডি/গবেষকদের জন্য PR মাত্র ৩ বছরে, পিএইচডি শেষে জব-সিকিং পারমিট ১৮ মাস পর্যন্ত, এবং প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ওয়ার্ক পারমিটে ৭৫% বেতন-ছাড়।

সারকথা: গবেষণা-ভিত্তিক পথ (পিএইচডি) আগের চেয়ে সুবিধাজনক হয়েছে, কিন্তু মাস্টার্স করে চাকরি খুঁজে থেকে যাওয়ার পথ সংকীর্ণ হয়েছে। পরিকল্পনা করার সময় এটি মাথায় রাখুন।


🔗 অফিসিয়াল সূত্র (নিজে যাচাই করে নিন)

লেখকঃ ড. আবু বকর ছিদ্দিক (বিপ্লব)
জৈব তথ্য বিশ্লেষক, গবেষক ও শিক্ষক,
সুইডিশ কৃষি বিশ্ববিদ্যালয় (SLU), উপসালা, সুইডেন
প্রথম প্রকাশ: ২৭-১০-২০২৫ | সর্বশেষ হালনাগাদ: ০৯-০৮-২০২৬, ক্লড এআই দিয়ে পরিমারজিত।

সুইডেনে কাজ করা, গবেষণা করা, স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পাওয়া নিয়ে আরও জানতে পড়ুনঃ
সুইডেন A টু Z: পড়াশোনা, গবেষণা, কাজ, স্থায়ী বসবাস, নাগরিকত্ব

Leave a comment