[HSA] PhD পর্ব ১৬
PhD পর্ব ১৬: কেন আমি পিএইচডি পোস্টডক পজিশন খুঁজে পাচ্ছি না? – প্রজাপতি পরীক্ষার রহস্য

ছবিঃ studyinsweden.se
আজ একটা অভিজ্ঞতা শেয়ার করি। ঘটনা আট বছর আগের। আমি তখন সদ্য পিএইচডি শেষ করেছি, পোস্টডকের খোঁজে ছুটছি। চাকরির বিজ্ঞাপন দেখি, আবেদন করি, আবার দেখি। এমন সময় লক্ষ্য করলাম—আমি এখন শুধু পোস্টডক-ই না, প্রচুর PhD পজিশনও খুঁজে পাচ্ছি! যেগুলো আমি নিজের পিএইচডি খোঁজার সময় কখনোই পাইনি। আমি তো অবাক! ভাবলাম, “এগুলো আগে ছিল কোথায়? তখন তো কত খুঁজেছি!” মাথার ভেতর অদ্ভুত এক প্রশ্ন ঘুরতে লাগল—তখন কেন পাইনি? আর এখন কেন পাচ্ছি? এই প্রশ্নের উত্তর আজকে খুঁজে পেয়ে গেছি। আর সেটা বোঝানোর জন্য আমি আপনাদের একটি ছোট্ট পরীক্ষা করতে চাই। পরীক্ষাটার নাম—প্রজাপতি দেখা পরীক্ষা।* প্রজাপতি দেখা পরীক্ষা ধরুন, এই মুহূর্তে ১০০ জন মানুষ আমার এই লেখা পড়ছেন। আমি যদি তাঁদের জিজ্ঞেস করি—“আপনি শেষ কবে প্রজাপতি দেখেছেন—জীবিত, মৃত বা ছবি?” সম্ভবত মাত্র ৫–১০ জন বলবেন, গত দুই মাসে দেখেছেন। বাকিরা দেখেননি। এখন, যাঁরা প্রজাপতি দেখেননি—শুধু তাঁদের বলব, “আগামীকাল সকাল থেকে একটু লক্ষ্য করবেন। প্রজাপতি দেখতে চাইবেন। শুধু ইচ্ছাটা মাথায় রাখবেন।” দুই দিনের মধ্যেই দেখবেন—প্রথম প্রজাপতিটা সম্ভবত দেখে ফেলবেন। আর এটাই— প্রজাপতি পরীক্ষা। ইচ্ছা করলেই জিনিসটা আমরা দেখি। না চাইলে চোখের সামনে থাকলেও দেখি না।
PhD পজিশন খুঁজে না পাওয়ার আসল কারণ PhD সার্কুলারও ঠিক এমনই। আছে। আমাদের চারপাশেই আছে। কিন্তু আমরা দেখি না। কারণ কি জানেন? আমরা অনেকেই আসলে খুঁজতেই চাই না। অথবা খোঁজার ইচ্ছা টেকসই ভাবে মাথায় রাখি না। চেষ্টা করি সপ্তাহে একদিন। মাসে চারটা সার্চ দিয়ে মনে করি—”ধুর, কিছুই তো পাই না!” আরও মনে মনে বিশ্বাস করি—”আমার দ্বারা হবে না।” আমাদের ভুলটা এখানেই। আমরা মনে করি—প্রজাপতিটা কেউ ধরে এনে আমাদের হাতে দেবে। কেউ লিংক পাঠাবে, কেউ বলবে “আবেদন করো”। তখনই আমরা নড়ব। আমারও সেই অবস্থা ছিল। আমি PhD পাইনি নিজের চেষ্টায়—একজন সুপারভাইজার নিজের উদ্যোগে লিংক দিলেন, তখন আবেদন করলাম। আল্লাহ চেয়েছিলেন, তাই পাওয়া হয়ে গেল।
এক ছাত্রের গল্প: যখন চারটে প্রজাপতি একসঙ্গে পিএইচডির সময় ল্যাবের এক মাস্টার্স স্টুডেন্টকে বলেছিলাম— “তুমি শুধু খোঁজার ইচ্ছাটা মাথায় রাখো। প্রতিদিন!” সে কথাটা মাথায় নিয়েছিল। ২–৩ মাস পরে হঠাৎ এসে বলল— “ভাই, চারিদিকে দেখি শুধু প্রজাপতি! চারটা জায়গা থেকে পিএইচডি অফার এসেছে। কোনটা নেব ভাই? একধরনের মধুর বিপদ!” এটাই—প্রজাপতি দেখার শক্তি। ইচ্ছা + বিশ্বাস + নিয়মিত চেষ্টা।
তাহলে আমরা কেন পাই না? আমরা খুঁজি না খুঁজলেও নিয়মিত খুঁজি না বিশ্বাস করি না যে পাব বিশ্বাস করি না যে পজিশন আমাদের চারপাশেই আছে আবেদন করাটাকেও অনেক সময় “দুর্ভাগ্যের উপর ছেড়ে দিই” যখন কেউ পেয়ে যায়, তখনই সে বলে—“বিশ্বাসই করতে পারছি না, আমি পিএইচডি পেয়েছি!”
তাই আজকের অনুরোধ একটা ছোট্ট পরীক্ষা করে দেখুন—নিজের উপর প্রজাপতি পরীক্ষা চালান। আপনি যাই খুঁজুন—
- মাস্টার্স
- পিএইচডি
- পোস্টডক
- চাকরি
- স্কলারশিপ
শুধু ইচ্ছাটা মাথায় রাখুন। বিশ্বাস করুন যে পাবেন। আর নিয়মিত খুঁজতে ও আবেদন করতে থাকুন। দেখবেন—একদিন প্রজাপতি এসে আপনার হাতেই বসবে, ইনশাআল্লাহ্।
*প্রজাপতি পরীক্ষার কথা জানলাম বাংলাদেশী উদ্যোক্তা জনাব মাহমুদুল হাসান সোহাগ (রকমারি-ডট-কম) থেকে। তিনি একটা বই পড়েছিলেন নাম ‘E-squared’, লেখক ‘পাম গ্রাঊট’। সেখানে এইরকম নিজের এনার্জি লেভেল যাচাই করা নিয়ে ৯টি পরীক্ষার কথা বলা আছে। নিজেকে যাচাই করার পরীক্ষা কিন্তু খারাপ না। আজকে এই পর্যন্তই।
(অতীতের লেখা থেকে পরিমার্জিত, রিপোস্ট, চলবে)
— ড. আবু বকর ছিদ্দিক (বিপ্লব)
জৈব তথ্য বিশ্লেষক,
গবেষক ও শিক্ষক,
সুইডিশ কৃষি বিশ্ববিদ্যালয় (SLU), উপসালা, সুইডেন
০৬-০৪-২০২৫
Leave a comment