2 minute read

একটি পোস্টার প্রতিযোগিতার ২৫টি পোস্টার (চূড়ান্ত রাউন্ডের) মূল্যায়নের অভিজ্ঞতা


ছবিঃ একটি ডেমো পোস্টার

আজ আমি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫টি গবেষণা পোস্টার মূল্যায়ন করেছি। শুধু পোস্টার দেখিনি–প্রতিটি শিক্ষার্থীর বা প্রজেন্টারের উপস্থাপনাও মনোযোগ দিয়ে শুনেছি। এটি ছিল একদিকে একটি মূল্যায়নের কাজ, অন্যদিকে একটি অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। প্রতিটি পোস্টারই একেকজন তরুণ গবেষকের কৌতূহল, পরিশ্রম ও সৃজনশীলতার প্রতিফলন।

সব আয়োজন অনলাইনে ছিল। প্রিয় UniV তৃতীয়বারের মত, বাংলাদেশী ইয়ং রিসার্চার ও ছাত্রদের লক্ষ্য করে এই পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছিল। ১৬০ টির বেশি প্রবন্ধ থেকে কয়েক ধাপে এই ২৫ টি সায়েন্টিফিক পোস্টার গ্র্যান্ড ফাইনালে উঠে এসেছিল। অংশ নেয়া সকলকে আমার অভিনন্দন । UniV কে অনেক বেশিই ধন্যবাদ বাংলাদেশী তরুণদের নিয়ে কাজ করার জন্য।

দিনের শেষে একটিই বিষয় স্পষ্ট হয়ে গেল – সেরা পোস্টারগুলো সেইগুলোই, যেখানে ভালো ধারণা, শক্ত বিষয়বস্তু, গভীর বিশ্লেষণ, এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা মিলেমিশে একসাথে কাজ করেছে।

ভাবনার স্পষ্টতা: ভালো গবেষণার প্রথম চাবিকাঠি

প্রতিটি ভালো গবেষণার শুরু হয় একটি সুস্পষ্ট ও তাৎপর্যপূর্ণ প্রশ্ন দিয়ে। যেসব পোস্টার সত্যিই আলাদা ছিল, তাদের মূল ভাবনাটাই ছিল দৃঢ় ও স্পষ্ট – এমন একটি ধারণা, যা বাস্তব কোনো সমস্যার সমাধান দিতে চায়, অথবা নতুনভাবে কোনো বিষয়কে ব্যাখ্যা করে।

এই ভাবনাগুলো কখনো অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী বা অস্পষ্ট ছিল না। বরং তারা জানত, ঠিক কী জানতে চায় এবং কেন তা গুরুত্বপূর্ণ। উপস্থাপকদের কথা শুনে বোঝা যাচ্ছিল–তারা তাদের গবেষণার উদ্দেশ্য পুরোপুরি বুঝে ও ধারণ করে কাজ করেছেন।

বিষয়বস্তুর মান: রূপের চেয়ে গুণ গুরুত্বপূর্ণ

চমৎকার ডিজাইন নজর কাড়ে, কিন্তু বিষয়বস্তুই মূল আকর্ষণ। যেসব পোস্টার সত্যিই ভালো লেগেছে, তারা স্পষ্টভাবে তাদের গবেষণার প্রেক্ষাপট, উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল বোঝাতে পেরেছে–একটুও বাড়তি বা জটিল না হয়ে।

শিক্ষার্থীরা তাদের ফলাফল উপস্থাপন করছিল আত্মবিশ্বাসের সঙ্গে, কিন্তু অহংকার ছাড়াই। তারা জানত কোথায় তাদের গবেষণা শক্ত, আর কোথায় সীমাবদ্ধতা আছে। সেই বৈজ্ঞানিক সততাই তাদের কাজকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে।

বিশ্লেষণ: শুধু ফলাফল নয়, ব্যাখ্যাও জরুরি

শুধু ডেটা দেখানো নয়–ভালো গবেষণা মানে ডেটা বোঝা এবং ব্যাখ্যা করা। সেরা পোস্টারগুলোয় সেই বিশ্লেষণাত্মক গভীরতা স্পষ্ট ছিল। তারা ফলাফলগুলোকে যুক্তির আলোয় ব্যাখ্যা করেছে, বিকল্প ব্যাখ্যা বিবেচনা করেছে, এবং তাদের পর্যবেক্ষণকে বড় বৈজ্ঞানিক প্রেক্ষাপটে স্থাপন করেছে।

অনেক উপস্থাপককে দেখেছি, যারা শুধু ফলাফল বলেই থেমে যাননি—বরং দর্শকদের সঙ্গে আলোচনা করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, এমনকি নিজের ব্যাখ্যার সীমাবদ্ধতাও স্বীকার করেছেন। এই পরিণত দৃষ্টিভঙ্গিই একজন গবেষককে আলাদা করে তোলে।

উপস্থাপনা: আত্মবিশ্বাস ও যোগাযোগের ভারসাম্য

একটি ভালো পোস্টারের মান অনেকটাই নির্ভর করে সেটি কীভাবে উপস্থাপন করা হচ্ছে তার ওপর। আমি লক্ষ্য করেছি, যেসব শিক্ষার্থী তাদের পোস্টারকে গল্পের মতো করে তুলে ধরেছে–সমস্যা, পদ্ধতি, ফলাফল, এবং তার গুরুত্ব–তারা দর্শকদের মনোযোগ ধরে রাখতে পেরেছে।

আত্মবিশ্বাসী কিন্তু সংযত উপস্থাপনা, চোখে চোখ রেখে কথা বলা, এবং প্রশ্ন শুনে চিন্তাশীলভাবে উত্তর দেওয়া–এই গুণগুলো সত্যিই পার্থক্য গড়ে দিয়েছে।

সবকিছুর সমন্বয়: ভালো গবেষণার ভিত্তি

যখন আমি দিনের শেষে সবচেয়ে ভালো পোস্টারগুলো নিয়ে ভাবছিলাম, তখন একটি বিষয় আবারও পরিষ্কার হলো: একটি ভালো পোস্টার চারটি মূল স্তম্ভের ওপর দাঁড়ায়–ভাবনা, বিষয়বস্তু, বিশ্লেষণ, এবং উপস্থাপনা

  1. ভাবনা দেয় দিকনির্দেশনা।

  2. বিষয়বস্তু দেয় শক্ত ভিত।

  3. বিশ্লেষণ দেয় বিশ্বাসযোগ্যতা।

  4. উপস্থাপনা সেই গবেষণাকে জীবন্ত করে তোলে।

রঙিন নকশা বা আকর্ষণীয় শিরোনাম হয়তো নজর কাড়ে, কিন্তু এই চারটি উপাদানই শেষ পর্যন্ত নির্ধারণ করে কোন পোস্টার সত্যিকার অর্থে বৈজ্ঞানিকভাবে শক্তিশালী।

সর্বপরি পোস্টার মূল্যায়ন করা মানে শুধু গবেষণার মান বিচার নয়; এটি একধরনের শিক্ষণ অভিজ্ঞতা। অনেক শিক্ষার্থীই হয়তো তাদের গবেষণার প্রাথমিক পর্যায়ে, কিন্তু তাদের কৌতূহল, আগ্রহ, এবং আত্মবিশ্বাস সত্যিই প্রশংসনীয়।

একজন শিক্ষক ও গবেষক হিসেবে, আমি এই অভিজ্ঞতা থেকে আবারও মনে করিয়ে দিলাম নিজেকে–যখন ভাবনা, বিষয়বস্তু, বিশ্লেষণ, ও উপস্থাপনা একসাথে সন্নিবিষ্ট করা হয়, তখন গবেষণা শুধু তথ্যের স্তুপ নয়, হয়ে ওঠে এক জীবন্ত গল্প!

সকল পোস্টার এবস্ট্রাক্ট নিয়ে বইয়ের লিঙ্ক

আজ তাঁদের গ্রান্ড ফিনালি!! শুভ কামনা!!

— আবু বকর ছিদ্দিক (বিপ্লব)
জৈব তথ্য বিশ্লেষক, গবেষক ও শিক্ষক,
সুইডিশ কৃষি বিশ্ববিদ্যালয় (SLU), উপসালা, সুইডেন
২৪-১০-২০২৫

Leave a comment